সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার উদ্দেশ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি তার দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর পরিবর্তে, দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আবদুর রশিদ নিলু।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেই এই পদত্যাগের ঘোষণা করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সরকার ও রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে পৃথক রাখার স্বার্থেই আমি দলীয় প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।’
সাকি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা চললেও, সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।
প্রসংগত, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন। সেই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। এর পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।





