চট্টগ্রামের ফটিকছড়িতে ব্রিক ফিল্ডের জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা
পানিতে পড়ে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার
হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করিম বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা
হলো একই এলাকার হাবিবের মেয়ে সাকি মনি (৭) ও জাকির হোসেনের মেয়ে সানজিদা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ব্রিক ফিল্ডে থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে
নেওয়ায় প্রায় ২০ ফুট গভীর গর্ত তৈরি হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেখানে পানি জমে ডোবার
সৃষ্টি হয়। সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই পানিতে পড়ে যায় দুই শিশু।
অনেকক্ষণ তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা
তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত
ঘোষণা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
জনবসতিপূর্ণ এলাকায় গভীর গর্ত করে ইটভাটার মাটি কাটার ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে। কোনও
অবস্থাতেই মাটি খোকোদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।





