কুড়িগ্রামের সহজ-সরল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু দিন আগে ভাইরাল হওয়া ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ বিষয়ক ভিডিওর জন্য জনপ্রিয়তা পাওয়া এই পেজটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি অনুপস্থিত দেখতে পাওয়া যাচ্ছে।
তাইজুলের সহযোগী শাহ আলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত ক্ষতিও হতে হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই পেজটি পুনরায় চালু হবে।
জানা গেছে, ২৬ মার্চ চরনারায়ণপুরের একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ বিষয়ক ভিডিও প্রকাশের পর তাজুলের জনপ্রিয়তা ব্যাপক হয়। তার সরলতা, স্বাভাবিক উপস্থাপনা এবং গ্রামের জীবনের বাস্তব ছবি তুলে ধরার ভিন্নধর্মী কনটেন্ট দ্রুত মানুষের মন জয় করে নেয়। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন মহলে সমালোচনাও কুড়াতে হয় তাকে। অল্প সময়ে তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।
তবে হঠাৎ পেজটি অদৃশ্য হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশার ছড়িয়ে পড়েছে। অনেকেই অতিরিক্ত ট্রলকে এর জন্য দায়ী করছেন।
সব মিলিয়ে, এই স্বল্প সময়ে অর্জিত জনপ্রিয়তা তাজুর জীবনে একদিকে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, অন্যদিকে সৃষ্টি করেছে চাপ ও অনিশ্চয়তা। তার ফেসবুক পেজের রহস্যজনক অন্তর্ধান ওই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে কেউ কেউ মনে করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কবিরুল ইসলাম বলেন, দ্রুত ফলোয়ার বাড়ার কারণে মেটা কর্তৃপক্ষ পেজটি যাচাইয়ের জন্য সাময়িকভাবে সরিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের মাঝামাঝি থেকে কনটেন্ট তৈরি শুরু করলেও দীর্ঘদিন তেমন সাড়া পায়নি তাজু। নাগেশ্বরীর চরাঞ্চলের বাসিন্দা তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রীর সহকারী। ঈদে বাড়ি ফিরে স্থানীয় সমস্যা তুলে ধরে ভিডিও তৈরি করে তিনি আলোচনায় আসেন।





