বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২

অটোয়ারীর কিছু গ্রামে টিউবওয়েলের আয়রনযুক্ত পানি ব্যবহার এখন অনুপযুক্ত

পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার ৬ নম্বর ধামোর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের গ্রামগুলোতে দীর্ঘ সময় ধরে আয়রনযুক্ত পানি ব্যবহার করছে এলাকার বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অটোয়ারী, পঞ্চগড়ের সূত্রে জানা গেছে, পানিতে সাধারণত ০.৩ মিলিগ্রাম/লিটার পর্যন্ত আয়রনের উপস্থিতি স্বাস্থ্যের জন্য গ্রহণযোগ্য। তবে এই মাত্রা থেকে বেশি হলে পানির গুণমানের ক্ষতি হয় এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়তে পারে। স্বল্পমাত্রায় আয়রন উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে আয়রন দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই এই ধরনের পানির আয়রনস্তর বাড়লে ফিল্টার বা পরিশোধন ব্যবস্থা গ্রহণের দরকার হয়।

৬ নম্বর ধামোর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শ্রী ময়না রানী জানান, এই এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে টিউবওয়েলের পানিতে আয়রন পাওয়া যায়, যার কারণে অনেকেই পুকুর ও নলকূপে গোসল করে থাকেন। তিনি আরও বলেন, এই তিন ওয়ার্ডে আমি দায়িত্বে থাকায় টিউবওয়েলের পানির অবস্থা সম্পর্কে আমি সচেতন।

৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি সোরবত আলী বলেন, গিরাগাঁও, পশ্চিম গিরাগাঁও, জামাদার পাড়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে আয়রনযুক্ত পানি ব্যবহার করে আসছেন। তাঁর নিজস্ব বাড়ির টিউবওয়েল ৬০ স্তর (লেয়ার) দিয়ে তৈরি, ফলে আয়রনযুক্ত পানি বের হয়। তিনি জানান, এই পানির কারণে তাঁর পাঞ্জাবি ডিস কালার হয়ে গেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মিনহাজুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে যে সব টিউবওয়েল সরকারি দেওয়া হয়, সেগুলোর লেয়ার সাধারণত ১২০ এর ওপর দেওয়া হয় এবং সেগুলোর পানি আয়রন মুক্ত থাকে। তবে বাজার থেকে বাইরেরভাবে ক্রয় করে বাসায় স্থাপন করা টিউবওয়েলগুলো সাধারণত ৬০ থেকে ৭০ লেয়ার দিয়ে তৈরি হয়, ফলে সেখান থেকে আয়রনযুক্ত পানি বের হয়, যা পানির মান ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

পোস্টটি শেয়ার করুন