সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬, ৩০শে চৈত্র, ১৪৩২

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হকের মৃত্যু

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার সকাল সোয়া দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী নিজাম উদ্দিন।

তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আনোয়ারুল হক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ারুল হকের জন্ম ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন এবং দীর্ঘদিন সড়ক ও জনপথ বিভাগে (সওজ) কর্মরত ছিলেন। পরে তিনি রাজনীতিতে যোগ দেন।

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনীতির সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষী শোক প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার করুন