সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬, ৭ই বৈশাখ, ১৪৩৩

প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সম্মাননা পেলেন ডা. তানসিভ জুবায়ের নাদিম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তিনি ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে দেশের স্বীকৃতি পেয়েছেন, তাৎক্ষণিকভাবে এই স্বীকৃতি তুলে দেন প্রধানমন্ত্রী। এই পুরস্কারটি তাকে দেওয়া হয় মাঠ পর্যায়ের অসাধারণ স্বাস্থ্যসেবা প্রদানে তার অসামান্য অবদানের জন্য।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এক বিশেষ সম্মেলনে প্রধানমন্ত্রীর হাতে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডা. তানসিভ জুবায়ের (৩৫) ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি পান। এরপর ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগদান করেন। বিবাহিত হওয়া এই চিকিৎসক দুই কন্যার পিতা।

২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে গত এক বছরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যেমন, বহির্বিভাগে রোগীর সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্তঃবিভাগে ৫৯ শতাংশ, জরুরি বিভাগে ১৩৫ শতাংশ এবং নরমাল ডেলিভারির সংখ্যা ৭৩ শতাংশ বেড়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এই প্রথম প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। এর মূল লক্ষ্য ছিল মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্য কর্মকর্তাদের কর্মপদ্ধতি আরও যুগোপযোগী করা এবং সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো সরাসরি কার্যকরী করা।

সম্মেলনের শেষের দিকে জরুরি সেবা, মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে মনোনীত ছয়জন চিকিৎসককে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়, যা তারা অর্জন করেছেন তাদের অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস ও মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘এ ধরনের সম্মাননা আমার কাজের গতি বাড়িয়ে দেয়। আমি বলতে পারি যে, আমি কিছু বিশেষ করেছি বলে নয়, আমি সীমিত সাধনার মধ্যে সততার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই স্বীকৃতি আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’

পোস্টটি শেয়ার করুন