সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬, ৭ই বৈশাখ, ১৪৩৩

বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

জাতীয় বিনিয়োগ কাঠামোকে আরও সংহত ও যুগোপযোগী করতে এক বড় ধরণের প্রশাসনিক

পুনর্গঠনের পথে হাঁটছে সরকার। এর ফলে বর্তমানের ছয়টি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত ও

সরকারি প্রতিষ্ঠান— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি

প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা),

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষ

এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বিলুপ্ত হয়ে যাচ্ছে।

প্রশাসনিক এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো বিচ্ছিন্ন কার্যক্রমগুলোকে একটি একক ছাতার

নিচে এনে বিনিয়োগ সেবা প্রদানকে আরও সহজতর ও ফলপ্রসূ করা। সূত্রে প্রাপ্ত তথ্য

অনুযায়ী, উল্লিখিত সংস্থাগুলোকে একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন

ও বৃহৎ জাতীয় দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সরকারি এই পদক্ষেপের

ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাওয়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য

ওয়ান-স্টপ সার্ভিস প্রদান আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মূলত দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই এই সমন্বিত প্রশাসনিক

সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, প্রস্তাবিত

‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ গঠিত হলে শিল্প স্থাপন ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে

একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। নতুন এই কাঠামোর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ ও

জনবলের সঠিক ব্যবহার নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে বলে সরকার

প্রত্যাশা করছে।

পোস্টটি শেয়ার করুন