রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সংলগ্ন পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে
বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া
নৌরুটের পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। ২৫ কেজি ওজনের এই বিশাল মাছটি শেষ
পর্যন্ত ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে স্থানীয় মৎস্য আড়ত সূত্রে নিশ্চিত হওয়া
গেছে।
স্থানীয় জেলে এরশাদ হালদার জানান, সোমবার রাতে তিনি ও তাঁর সহযোগীরা নৌকা নিয়ে মাছ
ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে জাল ফেলেন। সারারাত অপেক্ষার পর মঙ্গলবার সকাল সাড়ে
৬টার দিকে জালে জোরালো টান অনুভূত হয়। জাল টেনে নৌকায় তুলতেই তাঁরা দেখতে পান
রূপালি রঙের বিশাল এক পাঙ্গাশ। দীর্ঘদিন পর নদীতে এমন বড় মাছ ধরা পড়ায় জেলেরা
অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং দ্রুত মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে যান।
মাছটি বিক্রির উদ্দেশ্যে সকাল ৭টার দিকে দৌলতদিয়া ঘাটের রেজাউলের আড়তে নেওয়া হলে
সেখানে উৎসুক জনতা ভিড় জমান। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া শুরু
হলে স্থানীয় ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৮০০
টাকা দরে মাছটি কিনে নেন। ২৫ কেজি ওজনের এই পাঙ্গাশটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৭০
হাজার টাকা।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বর্তমান সময়ে পদ্মা নদীতে এত বড় সাইজের দেশি
পাঙ্গাশ মাছ পাওয়া বেশ দুষ্কর। আড়ত থেকে কেনার পরপরই তিনি ঢাকার গুলিস্তানের এক
মৎস্য ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন এবং সামান্য মুনাফা রেখে মাছটি সেখানে পাঠিয়ে
দেন। পদ্মার সুস্বাদু ও বড় পাঙ্গাশের চাহিদা বাজারে ব্যাপক থাকায় এটি চড়া দামে
বিক্রি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে দৌলতদিয়া এলাকায় মাঝেমধ্যে বড় কাতল বা বাঘাইড় মাছ ধরা পড়লেও ২৫ কেজির
পাঙ্গাশ পাওয়ার ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, নদীর
নাব্য সংকটের মাঝেও বড় মাছ পাওয়াটা জেলেদের জন্য আশীর্বাদস্বরূপ। মৎস্য বিভাগ
জানিয়েছে, অভয়াশ্রম ও প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার সুফল হিসেবে জেলেরা এখন বড়
মাছের দেখা পাচ্ছেন।





