মঙ্গলবার, ৫ই মে, ২০২৬, ২২শে বৈশাখ, ১৪৩৩

কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান, জয়পুরহাটে ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

শহরের করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ

করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (৩ মে) গভীর রাতে শহরের জানিয়ার

বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এই অভিযান চালানো হয়।

জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল

বারীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির পাশাপাশি জয়পুরহাট সদর উপজেলা

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র‍্যাব-৫-এর সদস্যরা অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের গোডাউনটিতে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টন

ভর্তি ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে ৭ হাজার ২০০

পিস নিষিদ্ধ ‘পদ্দাপুর’ জর্দা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ম্যানেজার জিন্নাত রেহেনা

জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পার্সেল আসে। নিয়ম অনুযায়ী

কার্টন বা বস্তার ভেতরের পণ্য পরীক্ষা করার সুযোগ তাদের থাকে না। তবে চাঞ্চল্যকর

বিষয় হলো, প্রেরক বা প্রাপকের বিস্তারিত তথ্য দিতে রাজি হননি এই শাখাব্যবস্থাপক।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ঘটনার সত্যতা

নিশ্চিত করে জানান, উদ্ধার করা সিরাপের মূল্য প্রায় ৫৪ লাখ ২৫ হাজার টাকা ও জর্দার

মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি বলেন, ‘সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটকে রুট

হিসেবে ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে এই অবৈধ পণ্যগুলো দেশের বিভিন্ন প্রান্তে

ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের।’

পোস্টটি শেয়ার করুন