বিশ্বখ্যাত হলিউড তারকা উইল স্মিথ ফিরছেন এক টানটান উত্তেজনার অ্যাকশন-থ্রিলার
সিনেমা নিয়ে। ‘সুপারম্যাক্স’ নামের এই নতুন প্রজেক্টে তাকে একজন এফবিআই এজেন্টের
ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বিশ্বের অন্যতম
সুরক্ষিত ও কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারের অভ্যন্তরীণ হত্যাকাণ্ডকে কেন্দ্র
করে। একজন দক্ষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে উইল স্মিথ সেই রহস্যময় খুনের কিনারা
করতে কারাগারে প্রবেশ করবেন, যা দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।
উইল স্মিথের এই নতুন সিনেমার স্বত্ব নিয়ে ইতোমধ্যেই বড় ধরণের বাণিজ্যিক লেনদেন
সম্পন্ন হয়েছে। হলিউড ভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন
অনুযায়ী, ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’ সিনেমাটির স্বত্ব প্রায় ৭ কোটি মার্কিন ডলারে
কিনে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫০ কোটি টাকারও বেশি। বড় বাজেটের এই
চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিবর্তে সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ
করার প্রাথমিক পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন
ড্যাভিড গরডন গ্রিন, যিনি এর আগে ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’ নির্মাণের জন্য বেশ
পরিচিতি পেয়েছেন।
২০২২ সালের অস্কার অনুষ্ঠানে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনার পর উইল
স্মিথের পেশাদার ক্যারিয়ার বড় ধরণের সংকটের মুখে পড়েছিল। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার
জেরে তাকে ১০ বছরের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার থেকে নিষিদ্ধ করা হয় এবং
বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট স্থগিত হয়ে যায়। তবে সেই ধাক্কা কাটিয়ে তিনি আবারও
হলিউডে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘ব্যাড
বয়েজ: রাইড অর ডাই’ বিশ্বব্যাপী ভালো সাফল্য পেয়েছে এবং সম্প্রতি জনপ্রিয় সিরিজ
‘বেল-এয়ার’-এ অতিথি চরিত্রে তাকে দেখা গেছে।
উইল স্মিথকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র সিরিজ ‘পোল
টু পোল উইথ উইল স্মিথ’-এর উপস্থাপক হিসেবে। সেখানে তার রোমাঞ্চকর অভিজ্ঞতা দর্শকদের
প্রশংসা কুড়িয়েছিল। তবে ‘সুপারম্যাক্স’ সিনেমার মাধ্যমে তিনি আবারও তার চিরচেনা
অ্যাকশন অবতারে ফিরছেন বলে ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। যদিও সিনেমাটির
শুটিংয়ের সময়সূচি কিংবা মুক্তির চূড়ান্ত তারিখ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা
আসেনি, তবে বড় বিনিয়োগ এবং শক্তিশালী টিম নিয়ে সিনেমাটি ২০২৬ সালের অন্যতম আলোচিত
প্রজেক্ট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।





