সোমবার, ২৫শে মে, ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সৌদির বাজারে ১০০ কোটি ডলার রপ্তানির সম্ভাবনা, খাতভিত্তিক পরিকল্পনায় জোর

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানোর মাধ্যমে

২০২৭ সালের মধ্যে ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার (২৪ মে) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি

প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করা

হয়।

প্রথাগত তৈরি পোশাক খাতের পাশাপাশি বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত

দ্রব্য, পাটপণ্য এবং বিশেষায়িত খাদ্যপণ্যের বিশাল চাহিদা রয়েছে। এই অমিত সম্ভাবনাকে

বাস্তবে রূপ দিতে এখন প্রচলিত রপ্তানি কৌশলের বাইরে গিয়ে খাতভিত্তিক আধুনিক

পরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক

চৌধুরী বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরেন। তিনি অত্যন্ত

আত্মবিশ্বাসের সাথে বলেন, “সৌদি আরবের বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার জন্য বড়

ধরনের রপ্তানি ও বাণিজ্য সম্ভাবনা রয়েছে। সরকারি সহায়তা ও সমন্বিত উদ্যোগ নেওয়া

গেলে ২০২৭ সালের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত

করা সম্ভব।” প্রতিনিধিদলটি আরও উল্লেখ করেছে যে, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো

এবং ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে শিক্ষা, গ্রিন টেকনোলজি, মরুভূমি বনায়ন,

আধুনিক কৃষি ও ক্ষুদ্রঋণ ভিত্তিক অর্থায়নের মতো সৃজনশীল খাতে বাংলাদেশের জন্য এক

নতুন বাজার উন্মোচিত হয়েছে।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

প্রয়োজনীয় সব ধরণের রাষ্ট্রীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে সরকার। বাণিজ্য,

শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতিনিধিদলকে জানান যে,

বিদেশে ব্যবসা ও কর্মসংস্থানের মাধ্যমে মূলত বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিনিধিত্ব

করা হয়, তাই জাতীয় স্বার্থে রপ্তানি সক্ষমতা বৃদ্ধিকে সরকার বিশেষ অগ্রাধিকার

দিচ্ছে। তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, “কোন খাতে কী ধরনের সহায়তা প্রয়োজন, কোথায়

নীতিগত সহায়তা দরকার এবং কোথায় আর্থিক বা খাতভিত্তিক সহযোগিতা দরকার- এসব বিষয়ে

সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। বাস্তবসম্মত প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের

সঙ্গে বিবেচনা করবে।”

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও খাতভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে

আলোচনা হয়। দক্ষ মানবসম্পদকে সম্পদে রূপান্তরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই বিশাল

বাজার দখল করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পোস্টটি শেয়ার করুন