মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানে দাঁড়িয়ে থাকা বাসে মাইক্রোবাসের ধাক্কায় ১৭ প্রাণহানি

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়

অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৫ মে) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য

নিশ্চিত করেছে। জানা গেছে, সোয়াত থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক

ত্রুটি দেখা দিলে চালক সেটি রাস্তার পাশে থামিয়ে দেন। বাসের মেরামতের অপেক্ষায়

যাত্রীরা যখন নিচে অবস্থান করছিলেন, ঠিক সেই সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাস ও যাত্রীদের সজোরে ধাক্কা দেয়।

উদ্ধার কর্মকর্তা বিলাল আহমাদ ফাইজি হতাহতের তথ্য প্রদান করে বলেন, ‘অন্তত ১৭ জন

নিহত হন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।’ এছাড়া চিকিৎসাধীন আহতদের মধ্যে তিনজনের

অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসক

মুহাম্মাদ আলিও নিহতের এই সংখ্যাটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, বাসের যাত্রীদের অধিকাংশই আসন্ন ঈদুল আজহা উদযাপনের উদ্দেশ্যে গ্রামের

বাড়িতে ফিরছিলেন। সাধারণত পাকিস্তানে ট্রাফিক আইন প্রয়োগের শিথিলতা, বেপরোয়া গতিতে

গাড়ি চালানো এবং সড়ক নিরাপত্তার নিম্নমানের কারণে প্রায়ই এ ধরনের মর্মান্তিক

দুর্ঘটনা ঘটে।

পোস্টটি শেয়ার করুন