বুধবার, ২৭শে মে, ২০২৬, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মিঠামইনে দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাতের পর নদীতে ফেলে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইনে দুই ছোট ভাইকে হাত-পা বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাত করে

নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা

নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান (৩০) মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার

ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান তার দুই ভাই আনিছুর রহমান ও আতাউর

রহমানকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন

অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর

রহমানকে লক্ষ্য করে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে তিনি পানিতে

ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, তার

ডান পাশের ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, চার-পাঁচ দিন আগে জাল ফেলাকে

কেন্দ্র করে মশুরিয়া গ্রামের নোয়াব মিয়াসহ কয়েকজনের সঙ্গে সাইদুর রহমানের

কথা-কাটাকাটি হয়েছিল। সে সময় নোয়াব মিয়া তাদের ওই এলাকায় জাল ফেললে ঝামেলা হবে বলে

হুমকি দিয়েছিলেন। তার দাবি, পূর্বের সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে

পারে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে

জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও

গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন