মঙ্গলবার, ২রা জুন, ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

তিন দেশের ৪১ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার

আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে। দেশের গণ্ডি পেরিয়ে মেগাস্টার শাকিব খান অভিনীত এই

সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে মুক্তি পাওয়ার খবর

নিশ্চিত হওয়া গেছে। আগামী ৫ জুন থেকে প্রবাসী দর্শকদের জন্য সিনেমাটি বড় পর্দায়

উন্মুক্ত করা হবে। দেশের বাজারে সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকদের মাঝে মিশ্র

প্রতিক্রিয়া থাকলেও বিশ্ববাজারে এটি একটি বড় মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বলে মনে

করা হচ্ছে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, উত্তর

আমেরিকা ও ইউরোপের দর্শকদের জন্য বড় ধরনের এক মুক্তির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে

একযোগে চলবে ছবিটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি,

রিগালের ৭টি, সিনেমার্কের ২টি ও শোকেসের ২টি স্ক্রিনে ‘রকস্টার’ দেখার সুযোগ পাবেন

দর্শকরা। এছাড়া কানাডার বিখ্যাত সিনেপ্লেক্স এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের

একাধিক স্ক্রিনেও সিনেমাটি নিয়মিত প্রদর্শিত হবে।

পরিবেশক সংশ্লিষ্টরা জানিয়েছেন, হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের এই সময়টি অত্যন্ত

প্রতিযোগিতামূলক। বিশেষ করে আসন্ন ফিফা ওয়ার্ল্ডকাপের আগে এবং হলিউডের বড় সিনেমার

ভিড়ে একযোগে ৪১টি থিয়েটার পাওয়া বাংলা সিনেমার জন্য একটি ইতিবাচক দিক। পরিবেশক সজীব

সপ্তক আশা প্রকাশ করেছেন যে, সিনেমাটি যদি শুরুর দিকে ভালো দর্শক টানতে পারে, তবে

পরবর্তী সপ্তাহগুলোতে থিয়েটারের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এই বৈশ্বিক মুক্তি

বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজারের সম্ভাবনাকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে বলে

সংশ্লিষ্টরা মনে করছেন।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় মূলত একজন সংগীতশিল্পীর জীবনের গল্প তুলে

ধরা হয়েছে। এতে একজন রকস্টারের আকস্মিক উত্থান, আকাশচুম্বী জনপ্রিয়তা এবং

ব্যক্তিজীবনের টানাপোড়েন থেকে শুরু করে তাঁর পতনের করুণ চিত্র সেলুলয়েডে ফুটে

উঠেছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে শাকিব খানের বিপরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ

চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। উল্লেখ্য,

ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হওয়া এই সিনেমাটি দেশের

বাইরেও ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন