বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান

জানিয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়ন কমিটির গণসংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি। এর আগে তাকে রুহিয়া উপজেলার

সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

এলজিআরডি মন্ত্রী বলেন, একটি মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য।

এই অস্থিতিশীলতা যাতে না করতে পারে, তার জন্য আপনাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান

করছি। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গড়ার কাজ শুরু করছি তারেক রহমানের

নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।

তিনি বলেন, যে কথাগুলো দিয়েছি, আমরা সেই কথাগুলো পালন করার চেষ্টা করছি। তারেক

রহমান বলেছিলেন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচির কথা, সেই কাজগুলো

আমরা শুরু করেছি। অন্যান্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকটি পূরণ করার জন্য

আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন, এই সরকারের বয়স মাত্র তিন মাস, এই

তিন মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি।

জনগণকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব

নিয়েছিলাম, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট

দিয়ে জয়যুক্ত করেছিলেন। আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের

মানুষ, সব শ্রেণির মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই, তাদের

সমর্থনে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি।

নারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নারীরা এমনিতেই সংগঠিত, তাদের আরও সংগঠিত হতে

হবে। সংগঠিত হওয়ার মাধ্যমে নারীদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম

আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের

নেতারা বক্তব্য দেন।

পোস্টটি শেয়ার করুন