‘ভাই, আমার সন্তানের জন্য একটু পানি দেন, আমি টাকা দিচ্ছি!’— পঞ্চগড় সদর উপজেলার
হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে এক বাবার এই আকুল আর্তনাদ
শুধু উপস্থিত সীমান্তরক্ষীদের নয়, কাঁপিয়ে দিয়েছে দুই দেশের সীমান্ত লাগোয়া মানুষের
বিবেককে। কিন্তু আইনি জটিলতা আর কূটনীতির কাঁটাতারের বেড়াজালে আটকে পড়া সেই বাবার
ডাকে সাড়া দেওয়ার উপায় ছিল না কারও।
ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক যখন নতুন করে ইতিবাচক ধারায় ফেরার
ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর
(বিএসএফ) ‘পুশইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশ করানোর এক অনাকাঙ্ক্ষিত তৎপরতা দৃশ্যমান
হয়ে উঠেছে। দেশের দক্ষিণ-পশ্চিম থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত—সবখানেই
এখন এক চরম ‘পুশইন’ আতঙ্ক। রাষ্ট্রহীনতার তকমা গায়ে মেখে, পরিচয়-সংকটে পড়ে ভারত ও
বাংলাদেশের মধ্যবর্তী শূন্যরেখায় খোলা আকাশের নিচে আটকে আছেন বহু মানুষ। তীব্র
দাবদাহ আর প্রবল বর্ষণের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের এই মানবেতর জীবনযাপন শুধু
কোনো সীমান্ত সমস্যা নয়, বরং এক গভীর মানবিক ও কূটনৈতিক সংকটের জন্ম দিয়েছে।
এক রাতে আট পয়েন্ট: জামালপুর-কুড়িগ্রামের সেই বিনিদ্র রজনী: এক রাতেই জামালপুর ও
কুড়িগ্রামের আটটি পৃথক পয়েন্ট দিয়ে একযোগে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার
চেষ্টা করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সেই রাতের পয়েন্টভিত্তিক সুনির্দিষ্ট
বিবরণ নিচে তুলে ধরা হলো:
খেয়ারচর বিওপি: ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে ভারতের সদরটিলা এলাকা দিয়ে সবচেয়ে বড়
দলটি অর্থাৎ প্রায় ২৫ থেকে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।
পাথরেরচর বিওপি: ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে ভারতের লুকায়েরচর এলাকা দিয়ে ১৮ থেকে
২০ জনের একটি দলকে পুশ-ইন করার চেষ্টা চলে।
ইজলামারি বিওপি: ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে ভারতের মানকারচর এলাকা দিয়ে ১২ থেকে ১৩
জন।
মোল্লারচর সীমান্ত: ১০৬২ নম্বর পিলারের বিপরীতে ভারতের কুচুনিমারা এলাকা দিয়ে আরও
১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়।
দাঁতভাঙা বিওপি: ১০৫৪ নম্বর সীমান্ত পিলারের বিপরীতে ভারতের দীপচর এলাকা দিয়ে ৮
থেকে ১০ জন।
ঝাউডাঙা বিওপি: ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে ভারতের দুর্গাপাড়া এলাকা দিয়ে ৮ থেকে
১০ জন।
বাঘারচর বিওপি: ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে ভারতের বালুরঘাট ও কুমারেরচর এলাকা দিয়ে
৭ থেকে ৮ জন।
সাতানীপাড়া বিওপি: ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে ভারতের বিলডুবা এলাকা দিয়ে ৭ থেকে ৮
জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।
আঁধারের কৌশল বনাম ইস্পাতকঠিন প্রতিরোধ: সোমবার মধ্যরাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে
জামালপুরের দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায়।
বিজিবি জানায়, মধ্যরাতে হঠাৎ করেই সীমান্তসংলগ্ন কুমারেরচর এলাকায় বিএসএফ তাদের সব
সার্চলাইট ও সীমান্ত এলাকার আলো বন্ধ (লাইট অফ) করে দেয়। রাতের আঁধারে আচমকা আলো
নিভিয়ে দেওয়ার এই কৌশলেই বিজিবি কর্মকর্তাদের মনে সন্দেহ দানা বাঁধে। এর পরপরই
বিএসএফ ১৮ জন মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। তবে জামালপুর ৩৫
বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের ইস্পাতকঠিন প্রতিরোধ ও অতন্দ্র প্রহরার মুখে বিএসএফের
সেই রাতের মিশন সম্পূর্ণ ব্যর্থ হয়।
এর আগে গত রোববার রাতেও এই ব্যাটালিয়নের আওতাধীন বড়াইবাড়ী সীমান্ত দিয়ে ৮ জনকে
বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের
কারণে সেই চেষ্টাও নস্যাৎ হয়ে যায়।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি
সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৫টি
বিওপির (সীমান্ত ফাঁড়ি) সদস্যরা দিনরাত টহল জোরদার করেছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে
সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।’
লাঠিসোটা হাতে বিজিবির পাশে সাধারণ জনতা: বিএসএফের এই আকস্মিক ও দফায় দফায় পুশ-ইন
চেষ্টার পর সীমান্ত এলাকার সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে ও নিজেদের মাতৃভূমির সুরক্ষা নিশ্চিত করতে এখন বিজিবির পাশাপাশি কাঁধে
কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ
গ্রামবাসী। সোমবার রাতে দেওয়ানগঞ্জ সীমান্তে পুশ-ইনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়
গ্রামবাসী লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং রাতভর সতর্ক
পাহারায় অংশ নেন।
সীমান্তের স্থানীয় বাসিন্দা জহুরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েকদিন থেকে ভারত
থেকে আমাদের দেশে মানুষ ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিজিবির সঙ্গে আছি, যাতে
ভারতের কোনো লোক আমাদের বাংলাদেশে না ঢুকতে পারে।’
আমিনুর ইসলাম নামে আরেকজন গ্রামবাসী বলেন, ‘বিজিবির সঙ্গে এলাকাবাসীও রাতদিন সতর্ক
অবস্থানে আছি। গ্রামের সবাই বিজিবিকে সহায়তা করছি। আমরা কোনোভাবেই ভারতের মানুষকে
বাংলাদেশে ঢুকতে দেব না।’
তৃষ্ণায় কাঁদছে শৈশব: পঞ্চগড়ের হাড়কাঁপানো বাস্তবতা: জামালপুরের উত্তেজনা যখন
লাঠিসোটা হাতে পাহারায় রূপ নিয়েছে, তখন পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি
সীমান্তে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন এবং হৃদয়বিদারক। সেখানে প্রায় ৩৮ ঘণ্টারও বেশি সময়
ধরে শূন্যরেখায় আটকে আছে ১০ জন নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে ৬ থেকে ৯ বছর বয়সি
তিনটি নিষ্পাপ শিশু রয়েছে।
গত কয়েকদিনের প্রবল বর্ষণে খোলা আকাশের নিচে সম্পূর্ণ ভিজেছে এই পরিবারগুলো। মাথার
ওপর নেই কোনো ছাদ, পায়ের নিচে কর্দমাক্ত মাটি। বিশুদ্ধ পানির তীব্র অভাবে তৃষ্ণার্ত
শিশুরা বৃষ্টির পানি ও ডোবার নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছে, যা তাদের
স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এই শিশুদের কান্না আর তৃষ্ণার্ত চোখ
দুটি দেশের সীমান্ত আইন কিংবা কূটনীতির কোনো ব্যাকরণ বোঝে না; তারা বোঝে শুধু এক
ফোঁটা বিশুদ্ধ পানির আকুতি, যা দেওয়ার মতো কেউ নেই।
নওগাঁ: বছরজুড়েই নানা কারণে আলোচনায় থাকে সীমান্ত এলাকা। কখনও সীমান্ত হত্যা, কখনও
কৃষকের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হয়রানি। কাঁটাতারের পাশের মানুষের
জীবন যেন প্রতিদিনই অনিশ্চয়তা আর শঙ্কায় ভরা।
সবশেষ পুশইন ইস্যুতে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে নওগাঁর সীমান্ত এলাকায়। এ
নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে দুঃচিন্তা বাড়ছে। এদিকে সীমান্তবাসীর
নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করেছে।
নওগাঁ জেলার সঙ্গে ভারতের নয়টি সীমান্ত অবস্থিত। এগুলো হচ্ছে- সাপাহার উপজেলার
হাঁপানিয়া ও করমুডাঙ্গা সীমান্ত, পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এবং ধামইরহাট
উপজেলার কালুপাড়া, চকিলাম, চকচণ্ডি, বস্তাবর, শিমুলতলী ও তালান্দার সীমান্ত। তবে
সবচেয়ে বেশি সীমান্ত হত্যা বা কৃষকের ওপর বিএসএফের হয়রানি হয় সাপাহার উপজেলার
হাঁপানিয়া ও করমুডাঙ্গা সীমান্ত এবং পোরশা উপজেলার নীতপুর সীমান্তে।
এসব সীমান্ত এলাকার বাসিন্দারের কৃষি আর গবাদি পশুপালন একমাত্র উপার্জনের পথ। মাঠের
ফসল সীমান্ত পাড়ের মানুষের সারাবছরের সঞ্চয়। তবে মাঠে ফসল ফলাতে গিয়ে বিএসএফের হাতে
হয়রানির শিকার হতে হয় চাষিদের।
সাপাহার উপজেলার করমুডাঙ্গা গ্রামের বাসিন্দা সুলতান বলেন, ‘জমিতে চাষাবাদ ছাড়া
আমাদের করার আর কোনো কাজ নেই। জমিতে কাজ করতে গেলেই বিএসএফ প্রায়ই আমাদের ধাওয়া
দেয়। অনেক সময় সীমানা পেরিয়ে এসে ভয়ও দেখায়। এছাড়া বিভিন্নভাবে হয়রানি করে। তারপরও
বেঁচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।’
আক্কাস নামের আরেক বাসিন্দা বলেন, ‘বেশিরভাগ সময় পুশ ইন আতঙ্ক চলছে। অবৈধভাবে মানুষ
পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। বিজিবিও কঠোর অবস্থানে আছে। তারপরও নিরাপত্তা নিয়ে
দুঃশ্চিন্তায় থাকতে হয়। আমরা বিজিবিকে সহযোগিতা করছি।’
পোরশা উপজেলার নিতপুর গ্রামের বাসিন্দা ফরহাদ জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে
স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার রাত ১০টার দিকে স্থানীয়রা দেখতে পায়
বিএসএফ কিছু মানুষকে বাংলাদেশে পুশ ইন করার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে।
বিষয়টি জানাজানির পর প্রায় ২০০ জনের মতো মানুষ লাঠি হাতে এবং টর্চলাইট নিয়ে রাত
১২টা পর্যন্ত সীমান্ত এলাকায় পাহারা দেয়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন,
‘সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে
বিজিবির সদস্যরা। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং
নিরবচ্ছিন্ন টহল কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনসাধারণের
সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া
জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের মানবপাচার, অবৈধ
অনুপ্রবেশ ও পুশ ইনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে
দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।’
এই সংকট নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কঠোর ও স্পষ্ট বার্তা
দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত পুশ-ইনের
বিরুদ্ধে বাংলাদেশ নীরব থাকবে না। তিনি বলেন, ইতোমধ্যে আমরা ১২ থেকে ১৩টি চিঠি
দিয়েছি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই এটা
আমরা গ্রহণ করছি না। সম্প্রতি আমরা চেন্নাই থেকে ৩৪ জনকে ফেরত এনেছি। অবৈধ
নাগরিকদের আদান-প্রদানে দুই দেশেরই একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান
মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি ঘটনা আলাদা এবং ভারতের সরকার যদি এটাকে
গুরুত্বের সাথে বিবেচনা না করে, তবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন
হবে।
অপরদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্পূর্ণ ভিন্ন
দাবি করেছেন। তার মতে, তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আইন মেনেই অবৈধ বিদেশি নাগরিকদের
নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে একটি তালিকাও দেওয়া
হয়েছে এবং পরিচয় শনাক্তের বিষয়টি ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় একশ মানুষ বাংলাদেশে ফেরার
আশায় জড়ো হচ্ছেন এবং ঢাকা ও দিল্লির যৌথ সম্মতিতে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই কেবল
ধাপে ধাপে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে ভারতের দাবি।
ভূ-রাজনীতি নাকি মানবিকতার অবক্ষয়? কী বলছেন বিশেষজ্ঞরা
সীমান্তের এই পুশ-ইনের ধারাবাহিক অপচেষ্টাকে শুধু সাধারণ সীমান্ত অপরাধ হিসেবে
দেখতে নারাজ বিশেষজ্ঞরা। এর পেছনে গভীর রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক সমীকরণ দেখছেন তারা।
নিরাপত্তা বিশ্লেষক ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহী চৌধুরী মনে করেন,
পুশ-ইনকে শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত একটি
রাজনৈতিক ও কৌশলগত বার্তার অংশ। বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া ও দুই দেশের সুনির্দিষ্ট
চুক্তি থাকা সত্ত্বেও সীমান্ত দিয়ে রাতের আঁধারে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা
আন্তর্জাতিক রীতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক একজন জ্যেষ্ঠ কূটনীতিক পরামর্শ দিয়েছেন যে, ভারত যদি
দ্বিপক্ষীয় কূটনৈতিক পন্থা অবলম্বন না করে একতরফা পুশ-ইন জারি রাখে, তবে বাংলাদেশের
উচিত আন্তর্জাতিক কাঠামোর আশ্রয় নেওয়া। এই ইস্যুতে প্রয়োজনে জাতিসংঘের মানবাধিকার
বা শরণার্থী বিষয়ক সংস্থার (UNHCR) শরণাপন্ন হতে পারে বাংলাদেশ।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, অনুপ্রবেশ ও সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে
পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ ছড়াচ্ছে, তার সরাসরি প্রভাব ঢাকা-দিল্লি
সম্পর্কের ওপর পড়ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও নাগরিক পরিচয় যাচাইয়ের প্রশ্নে
অনড় অবস্থান এই সংকটকে আরও উসকে দিচ্ছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, যশোর, জামালপুর, কুড়িগ্রাম, গঞ্চগড় ও নওগাঁ
প্রতিনিধি।





