শুক্রবার, ১২ই জুন, ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালো টাকা বৈধ করার বাজেট নয়, জটিলতা নিরসনের প্রস্তাব: এনবিআর চেয়ারম্যান

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি,

বরং সম্পত্তি লেনদেনে প্রকৃত মূল্য ঘোষণার মাধ্যমে কর-সংক্রান্ত জটিলতা নিরসনের

প্রস্তাব করা হয়েছে বলে স্পষ্ট করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান

মো. আবদুর রহমান খান।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের

জবাবে তিনি বলেন, এ বিষয়ে জনমনে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

এই বিষয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, অতীতে জমি বা ফ্ল্যাট বিক্রির সময় প্রকৃত মূল্যের

চেয়ে কম দামে নিবন্ধন করার কারণে ক্রেতা-বিক্রেতারা পরে অতিরিক্ত কর ও জরিমানার

মুখোমুখি হতেন। এই পরিস্থিতি এড়াতে কেউ স্বপ্রণোদিত হয়ে প্রকৃত মূল্য ঘোষণা করলে,

নিয়মিত করের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ কর পরিশোধের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির

সুযোগ দেওয়ার কথা ভাবা হয়েছিল।

তবে এই বিধান নিয়ে কোনো আপত্তি থাকলে সরকার তা পুনর্বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ

করেন। উক্ত সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ

কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন