মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩

আবার বড় পর্দায় ফিরছে পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বিশ্বজুড়ে লাখ লাখ দর্শকদের আবেগ ও ভালোবাসার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘লিলো অ্যান্ড

স্টিচ’ নিয়ে নতুন ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত বিনোদন প্রতিষ্ঠান ডিজনি। গত বছর মুক্তি

পাওয়া লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার এর

সিক্যুয়েল নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ‘লিলো অ্যান্ড স্টিচ ২’

পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির মূল সহ-রূপকার, চিত্রনাট্যকার এবং

স্টিচ চরিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্রিস স্যান্ডার্সকে। সিনেমাটি ২০২৮ সালের ২৬ মে

প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ডিজনির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

২০০২ সালে ডিজনির চেনা রূপকথার আবহ থেকে বেরিয়ে সম্পূর্ণ অপ্রচলিত ও অভিনব এক গল্প

নিয়ে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন চলচ্চিত্র ‘লিলো অ্যান্ড স্টিচ’। ক্রিস স্যান্ডার্স

ও ডিন ডিব্লয়েসের পরিচালনায় তৈরি এই সিনেমার গল্প আবর্তিত হয়েছিল মহাকাশের এক পাগল

বিজ্ঞানীর তৈরি হিংস্র ও নীল রঙের ভিনগ্রহী প্রাণী ‘এক্সপেরিমেন্ট ৬২৬’-কে ঘিরে, যে

কোনোভাবে পালিয়ে পৃথিবীতে এসে পড়ে। হাওয়াই দ্বীপের পুঁচকে মেয়ে লিলো তাকে সাধারণ

কুকুর ভেবে নিজের কাছে আশ্রয় দেয় এবং তার নাম দেয় স্টিচ। একটি ভিনগ্রহী প্রাণীকে

ভালোবেসে লিলোর পরিবার যেভাবে আপন করে নেয়, সেই আবেগঘন গল্পই বিশ্বজুড়ে সিনেমাটিকে

অত্যন্ত জনপ্রিয় করে তোলে।

২০০২ সালের সেই অ্যানিমেটেড চলচ্চিত্রের অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে

গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে ডিজনির অন্যতম সফল রিমেক হিসেবে বড় পর্দায় আসে

লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’। ডিন ফ্লেইশার ক্যাম্পের পরিচালনায় মুক্তি পাওয়া

এই লাইভ-অ্যাকশন রিমেকটি বক্স অফিসে ১৮৩ মিলিয়ন ডলারের দুর্দান্ত ওপেনিং দেয়।

পরবর্তীতে বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে এটি ২০২৫ সালের হলিউডের প্রথম

বিলিয়ন ডলার উপার্জনকারী সিনেমা হিসেবে রেকর্ড গড়ে। এই লাইভ-অ্যাকশনের ব্যাপক

চাহিদাই মূলত ডিজনিকে সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।

লাইভ-অ্যাকশন সিক্যুয়েলের জন্য এবার পরিচালনার আসনে বড় ধরনের পরিবর্তন এনেছে ডিজনি।

আগের ডিন ফ্লেইশার ক্যাম্পের পরিবর্তে এবার এককভাবে পরিচালনার দায়িত্ব পেয়েছেন

ক্রিস স্যান্ডার্স। উল্লেখ্য, মূল অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা ও

পরিচালনার পাশাপাশি স্টিচ চরিত্রের জন্য তাঁর দেওয়া অনন্য কণ্ঠস্বর দর্শকদের হৃদয়ে

স্থায়ী জায়গা করে নিয়েছিল। ‘হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন’, ‘দ্য ক্রুডস’ এবং ‘দ্য কল

অব দ্য ওয়াইল্ড’-এর মতো সফল ছবি পরিচালনার পাশাপাশি ২০২৪ সালের অস্কার মনোনীত

অ্যানিমেটেড ছবি ‘দ্য ওয়াইল্ড রোবট’ পরিচালনার কৃতিত্বও রয়েছে ক্রিস স্যান্ডার্সের

ঝুলিতে। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা নতুন সিক্যুয়েলটিকে দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করে

তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন