মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩

ইসরায়েলের ওপর ক্ষোভ ঝারলেন ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার ক্ষোভ

ঝেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তেল আবিবের এই আক্রমণাত্মক

আচরণের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির সম্ভাবনা ভেস্তে যাওয়া ঝুঁকি

তৈরি করেছে। উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারকটি খুব কাছাকাছি বলে দাবি করা হচ্ছে।

গত রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে

ট্রাম্প বলেছেন, লেবাননের ওপর আর কোনো হামলা করা উচিত হবে না। একই সঙ্গে

ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা

চালানোর ব্যাপারেও সতর্ক করেছেন তিনি।

ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বৈরুতের ওপর হামলা হওয়া উচিত হয়নি, বিশেষ

করে এমন একটি বিশেষ দিনে যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এত কাছাকাছি

আছি।’

তিনি বলেন, ‘হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে, কিন্তু যে হামলার

জবাব দেওয়া হচ্ছিল তা ছিল খুবই ছোট ও অর্থহীন, এতে কেউ আহত বা নিহত হয়নি এবং এই

গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি ব্যাহত করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি আছি যা লেবাননসহ এই অঞ্চলে

শান্তি আনবে এবং সব পক্ষেরই সরে আসা উচিত। লেবাননের কোথাও ইসরায়েলের পক্ষ থেকে আর

কোনো হামলা হওয়া উচিত নয়, কিন্তু হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষের পক্ষ থেকেও

ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো হামলা হওয়া উচিত নয়।’

সংঘাতে লিপ্ত থাকা পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি একটি দীর্ঘ ও

সুন্দর শান্তির সূচনা হতে পারে—আসুন আমরা এটিকে নষ্ট না করি!’

বৈরুতে ইসরায়েলি হামলার বিষয়ে অবগত ছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

অ্যাক্সিওসের বিশ্ব পরিস্থিতিবিষয়ক সংবাদদাতা বারাক রাভিদের মতে, হামলার কিছুক্ষণ

আগে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বৈরুতের দাহিয়েহ জেলায় তাদের হামলার

বিষয়ে সেন্টকমকে অবহিত করেছিল।

ইরানের মতে, বৈরুতের ওপর যে কোনো ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা

যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এর ফলে চলমান শান্তি আলোচনা ব্যাহত হতে পারে। বিশ্লেষকরা

বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে

আলোচনা বানচাল করার চেষ্টা করছেন। লেবাননের ওপর হামলা বন্ধ করতে তিনি স্পষ্টতই

অনিচ্ছুক বলে মনে হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন