দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময় আরও ৫ মিনিট
বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির
মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে, যা আগামীকাল বুধবার (১৭ জুন) থেকেই কার্যকর
হবে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪
ঘণ্টা নিয়মিত লেনদেন চলবে।
বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন দুপুর ১টা ৫৫ মিনিটে শেষ হয় এবং পরবর্তী ৫ মিনিট
পোস্ট ক্লোজিং সেশন হিসেবে নির্ধারিত থাকে। তবে পরিবর্তিত নতুন সূচিতে মূল লেনদেন
দুপুর ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশনটির সময় বাড়িয়ে ১০
মিনিট করা হয়েছে। অর্থাৎ দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন
থাকবে।
নতুন এই ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশনে বিনিয়োগকারীরা নতুন কোনো শেয়ার দর প্রস্তাব
করতে পারবেন না। তবে কেউ চাইলে ওই দিনের সমাপনী মূল্যে (ক্লোজিং প্রাইজ) শেয়ার ক্রয়
বা বিক্রয় করার সুযোগ পাবেন। লেনদেনের সময় এই সামান্য বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা
আরও কিছুটা সময় পর্যবেক্ষণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।





