বুধবার, ১৭ই জুন, ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩

সিডনিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ

হাইকমিশনের যৌথ উদ্যোগে সিডনিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গ্লোবাল

সোর্সিং এক্সপো’। ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এই মর্যাদাপূর্ণ

প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সিডনির এই মেলায় বাংলাদেশি স্টলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইকমিশনার এফ এম

বোরহান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনের বাণিজ্য কাউন্সেলর রনি চাকমা এবং

মেলার আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুলি হল্টসহ অস্ট্রেলিয়ার আমদানিকারক ও

বাংলাদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বের ২০টি দেশের প্রায় ৬০০ প্রদর্শকের

অংশগ্রহণে আয়োজিত এই মেলাটি অস্ট্রেলিয়ার বাজারে পণ্য সরবরাহের সবচেয়ে বড়

আন্তর্জাতিক মাধ্যম হিসেবে স্বীকৃত।

মেলার দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ জুন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও টেকসই

উৎপাদন ব্যবস্থা নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশের তৈরি পোশাক

শিল্প ও অন্যান্য উদীয়মান খাত: টেকসই উৎপাদন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্যের

নতুন দিগন্ত’ শীর্ষক এই সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরবেন রনি

চাকমা। এছাড়া মেলার শুরুর দিনেই বাংলাদেশি প্রতিনিধিদের জন্য অস্ট্রেলিয়া ট্রেড

অ্যান্ড লজিস্টিকস করপোরেশনের পক্ষ থেকে বিশেষ ব্যবসায়িক দিকনির্দেশনামূলক সেশনের

আয়োজন করা হয়।

বাংলাদেশ প্যাভিলিয়নের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলায় আগত বৈশ্বিক ক্রেতা,

বিপণনকারী ও বড় বড় খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ

পাচ্ছে। মূলত বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার

বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণই এই আয়োজনের

মূল লক্ষ্য। অংশগ্রহণকারী প্রতিনিধিরা আশা করছেন, এই মেলার মাধ্যমে অস্ট্রেলিয়ার

পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে এবং নতুন বাণিজ্যিক সম্পর্কের

সূচনা ঘটবে।

পোস্টটি শেয়ার করুন