বুধবার, ১৭ই জুন, ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩

১৭তম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ঢাকার দুই ছবি

ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম

ফেস্টিভ্যাল’-এর ১৭তম আসরে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের আলোচিত দুই

চলচ্চিত্র ‘মাস্টার’ ও ‘রইদ’। আগামী ৯ জুলাই থেকে যুক্তরাজ্যে শুরু হতে যাওয়া এই

উৎসবে দক্ষিণ এশিয়ার অন্যান্য চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের এই ছবি দুটি প্রদর্শিত

হবে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত

‘রইদ’ এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও

একযোগে অংশ নিয়েছিল, যেখানে ‘মাস্টার’ সিনেমাটি একটি বিশেষ পুরস্কার জিতে নেয়।

যুক্তরাজ্যের মোট তিনটি ভিন্ন শহরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে লন্ডনে

আগামী ৯ জুলাই উৎসব শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত; বার্মিংহামে ১০ থেকে ১৯ জুলাই

এবং ম্যানচেস্টারে ৯ থেকে ১০ জুলাই পর্যন্ত প্রদর্শনীর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি উৎসবের প্রকাশিত নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় বাংলাদেশের এই দুটি ছবি

ছাড়াও জায়গা পেয়েছে ‘৫২ ব্লু’, ‘অল অ্যাবাউট ওয়েডিংস’, ‘আনমোল-লাভিংলি আওয়ারস’,

‘গিট ইট আ শট’, ‘ইন সার্চ অব দ্য স্কাই’, ‘মসকিউটো ইন দ্য ইয়ার’ এবং ‘টু দেসি টু

কয়্যার’ নামক আন্তর্জাতিক চলচ্চিত্রগুলো।

এবারের ১৭তম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম প্রধান চমক হিসেবে উপস্থিত

থাকবেন বলিউডের নন্দিত তারকা আমির খান। তাঁর অভিনীত ও প্রযোজিত কালজয়ী চলচ্চিত্র

‘লগান’-এর মুক্তির ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে এই উৎসবে। এই গৌরবময় মুহূর্তটির

সাক্ষী হতে আমির খান নিজে সশরীরে হাজির থাকবেন। উৎসবের একটি বিশেষ অধিবেশনে তিনি

একটি একক আলাপচারিতায় অংশ নেবেন, যেখানে ‘লগান’ নির্মাণের পেছনের অনালোচিত গল্প এবং

তাঁর দীর্ঘ অভিনয় জীবনের পথচলার অভিজ্ঞতাগুলো দর্শকদের শোনাবেন।

আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শনীর পাশাপাশি ছবি দুটির বৈশ্বিক চাহিদাও দিন দিন বৃদ্ধি

পাচ্ছে। সম্প্রতি নাসির উদ্দিন খান অভিনীত ‘মাস্টার’ ছবিটি সিডনি আন্তর্জাতিক

চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, যেখানে প্রতিটি প্রদর্শনীই হাউসফুল ছিল।

অন্যদিকে, সদ্য সমাপ্ত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রইদ’

সিনেমাটি এখনও সফলভাবে ব্যবসা করে যাচ্ছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এ

মাসের শেষভাগেই মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ

শহরে প্রবাসী দর্শকদের জন্য ‘রইদ’ বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন