স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে
ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।
সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর টেবিলে উত্থাপিত
তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বুধবার (১৭ জুন) এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্যানুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে
সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭+ নারী ২ হাজার ২৯)
জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬+ নারী ২ হাজার ৭৭) জন
বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।’
তিনি বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের
আবাসন সমস্যা বিরাজ করছে। বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে বিশেষ
কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২
এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর
জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং
নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ
পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে
সর্বমোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।
এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প
গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।





