উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে প্রথম দল
হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো। শুক্রবার সকালে অনুষ্ঠিত এক
হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা দক্ষিণ কোরিয়াকে ১-০ গোল ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের
মাধ্যমে মেক্সিকানরা শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের
শক্তিশালী অবস্থানের জানান দিল।
স্তাদিও গোয়াডালাজামায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরপরই
কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় মেক্সিকো। ম্যাচের ৫০তম মিনিটে লুইস রোমো দলের হয়ে জয়সূচক
গোলটি করেন। তবে এই গোলের নেপথ্যে বড় দায় ছিল দক্ষিণ কোরিয়ার ৩৫ বছর বয়সী অভিজ্ঞ
গোলরক্ষক কিম সিউং জিও’র এক মারাত্মক ভুল। ডি-বক্সের ভেতর আসা একটি উচু বল লাফিয়ে
ধরতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেললে বলটি তার হাত থেকে ফসকে যায়। সামনে থাকা রোমো
সুযোগটি লুফে নিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি।
পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সন হিউং মিনদের দল। অন্তত দুবার তারা
নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও মেক্সিকোর ২৬ বছর বয়সী তরুণ গোলরক্ষক রাউল
র্যাঞ্জেলের অসামান্য দৃঢ়তায় সমতায় ফেরা সম্ভব হয়নি। মেক্সিকোর রক্ষণভাগও শেষ
মুহূর্ত পর্যন্ত কোরিয়ান আক্রমণভাগকে রুখে দিতে সক্ষম হয়।
বিশ্বকাপের ইতিহাসে ১৯টি আসরে অংশ নেওয়া মেক্সিকো গত কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব
থেকেই বিদায় নিয়েছিল। তবে এবার এক আসরের বিরতি দিয়ে আবারও নকআউট পর্বে জায়গা করে
নিল তারা। এর আগে টানা সাতটি আসরে নকআউট খেলার গৌরবময় রেকর্ড ছিল মেক্সিকোর।
অন্যদিকে, টানা দুই ম্যাচে পরাজিত হওয়ায় দক্ষিণ কোরিয়ার পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ
এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।





