পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে ভারি
থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যা
পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি
সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা বলা
হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী পাঁচ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ
বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে
অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা
নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী ৫ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে
বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে আগামী ৩ দিন গঙ্গা-পদ্মা নদীর
পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ
দিয়ে প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের
সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।
ফলে এই সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে
এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সেই সঙ্গে গত
২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি
সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায়
আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি
বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি
বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী,
জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি ভুগাই নদীর পানি সমতল
বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই সময়ে
নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে
এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর
পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি সমতল হ্রাস
পেয়েছে। আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায়
পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি
সমতল বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সেলোনিয়া গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর
পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলেও
জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।





