মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক গুরুত্বপূর্ণ একান্ত বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার
(২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা
পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। একান্ত আলোচনায় বসার আগে প্রথা
অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠকের সমাপ্তি শেষে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা শুরু
হওয়ার কথা রয়েছে, যেখানে উভয় দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব
দেবেন। বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য
ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ
তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম
উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই উচ্চ পর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ
সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, হালাল অর্থনীতির বিকাশ, কর্মী নিয়োগ
প্রক্রিয়া সহজীকরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ দুই
দেশের মধ্যকার সামগ্রিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
দ্বিপাক্ষিক আলোচনা শেষে দুই দেশের সরকার প্রধান একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ
নেবেন।
সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি
বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর
সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এই ভোজসভায় মালয়েশিয়ার জনপ্রিয় শিল্পীরা মালে এবং
বাংলা ভাষায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ
সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরবেন।





