বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া এবং লুট করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার
করে দেশে নতুন করে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে
বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক
উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক
প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী তাঁর বক্তব্যে বলেন, যারা দীর্ঘ ১৭ বছর জনগণের জীবন থেকে শান্তি ও
অধিকার কেড়ে নিয়েছিল এবং দুঃশাসন চালিয়েছিল, তারা আজ নানা কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টির
চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, “যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে
নিয়েছিলো, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিলো… তারা আজকে নানা কায়দায়, নানাভাবে
পচা পানি-পানার মধ্য দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করছে।” রিজভী দাবি করেন, শেখ হাসিনা
জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে যে রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই অগণতান্ত্রিক
শক্তির বিরুদ্ধে আজ তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের
মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
বিগত দিনের দমন-পীড়নের স্মৃতিচারণ করে রিজভী বলেন, চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ অসংখ্য
জাতীয়তাবাদী নেতাকে গুম করা হয়েছে এবং বহু নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা
করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সেই গুমের রাজত্ব কি জনগণ আবার ফিরে পেতে চাইবে? দেশ
আজ শান্তি, সমৃদ্ধি ও বহুদলীয় গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,
মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার কোনো চক্রান্তই সফল হবে না।
রিজভী আরও সতর্ক করে বলেন, গণতান্ত্রিক শক্তি এবং দেশের জনগণ আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ।
তিনি দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী সকল মহলের অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে
প্রতিদিন সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা এই জাতিকে
কোনোভাবেই কারো ‘গোলাম’ বানানো যাবে না। সকল প্রকার অশুভ কর্মকাণ্ডকে জাতীয়তাবাদী
শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।





