, ,

স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চলবে সুমনের ‘রইদ’ ও ‘হাওয়া’

দেশের চলচ্চিত্র অঙ্গনে এ যেন নির্মাতা মেজবাউর রহমান সুমনের এক সোনালী সু-সময়।

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে

চলছে তাঁর পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’। দেশ এবং বিদেশ—উভয় প্রান্তেই ছবিটি দর্শকদের

দারুণ সাড়া পাচ্ছে। এই অভূতপূর্ব সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সুমন-ভক্তদের

জন্য এলো আরও একটি নতুন ও বড় সুখবর। সিনেমা হলে ‘রইদ’-এর তাপ ছড়ানোর পাশাপাশি আবারও

বইতে শুরু করছে তাঁর বহুল আলোচিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’।

শুক্রবার (২৬ জুন) থেকে দেশের জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন

শাখায় একসঙ্গে প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের এই দুটি ভিন্ন স্বাদের চলচ্চিত্র

‘রইদ’ ও ‘হাওয়া’। গল্প, নির্মাণশৈলী আর অভিনয়ের অনন্য এক সমন্বয় রয়েছে এই দুটি

সিনেমাতেই। ফলে যারা আগে টিকিট না পাওয়ার কারণে বা অন্য কোনো কারণে এই পরিচালকের

কাজ বড় পর্দায় উপভোগ করতে পারেননি, তাঁদের জন্য একই সঙ্গে দুটি ছবি দেখার এক সুবর্ণ

সুযোগ তৈরি হয়েছে।

মূলত গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সামার ফেস্ট’। এই উৎসবের অংশ হিসেবে পুরনো ও দর্শকপ্রিয় কয়েকটি সফল সিনেমাকে নতুন

করে বড় পর্দায় ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। এই সপ্তাহের ‘সামার ফেস্ট’-এর তালিকায়

স্থান পেয়েছে তিনটি ছবি—‘হাওয়া’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জংলি’। এই পুরনো ছবিগুলোর

পাশাপাশি এই ঈদে মুক্তি পাওয়া নতুন ছবিগুলোর নিয়মিত প্রদর্শনীও যথারীতি চালু থাকবে।

ডাবল ধামাকার এই সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন

নির্মাতা মেজবাউর রহমান সুমন নিজেই। তিনি তাঁর ফেসবুক বার্তায় লিখেছেন, “এই

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চলবে ‘রইদ’ ও ‘হাওয়া’। প্রাণ ভরে হাওয়া

নিয়ে রইদে এসে গা জুড়ান।” কাকতালীয়ভাবে, এই দুটি সিনেমারই প্রধান নারী চরিত্রে

অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এছাড়া ‘হাওয়া’র অন্যান্য

গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, নাসির উদ্দিন খান ও শরীফুল রাজ এবং

‘রইদ’-এ তুষির সঙ্গে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’।

সে সময় দেশের মাটিতে তো বটেই, আন্তর্জাতিক বাজারেও ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে

ঢাকাই চলচ্চিত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। সেই দীর্ঘ প্রতীক্ষিত ‘হাওয়া’র

সফলতার রেশ ধরেই যেন চলতি বছরের ঈদে ইন্ডাস্ট্রিতে নতুন করে ‘রইদ’ তুলতে সক্ষম

হয়েছেন এই জনপ্রিয় নির্মাতা। একই সঙ্গে দুই ছবির প্রদর্শনীর এই ঘোষণা সিনেপ্লেক্সের

দর্শকদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করেছে।

পোস্টটি শেয়ার করুন