, ,

পর্যটন খাতে গ্রিসের ৪ মাসেই আয় বেড়েছে ৩৬ শতাংশের বেশি

আন্তর্জাতিক পর্যটন বাজারে এক অভাবনীয় সাফল্যের দেখা পেয়েছে গ্রিস। গত ২০২৫ সালের

তুলনায় চলতি ২০২৬ সালের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশটিতে পর্যটকদের আগমন

এবং এই খাত থেকে অর্জিত আয়—উভয় ক্ষেত্রেই এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইউরো নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টদের দেওয়া তথ্যানুযায়ী, বছরের প্রথম চার মাসেই পর্যটন খাত থেকে

গ্রিসের আয় প্রায় ৩৬ দশমিক ৯ শতাংশ বা ৭৫ কোটি ২৯ লাখ ইউরো বৃদ্ধি পেয়েছে। এর ফলে

দেশটিতে পর্যটন খাত থেকে মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৯ কোটি ইউরোতে। আয়ের এই

উল্লম্ফন গ্রিসের জাতীয় অর্থনীতিতে শক্তিশালী গতির সঞ্চার করেছে বলে মনে করছেন

বিশ্লেষকরা।

রাজস্ব বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের উপস্থিতিও গ্রিসে নতুন উচ্চতায় পৌঁছেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে মোট ৫২ লাখ ৪০ হাজার

বিদেশি পর্যটক গ্রিস ভ্রমণ করেছেন। এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭

দশমিক ১ শতাংশ বেশি। মূলত দর্শনীয় স্থানগুলোর আধুনিকায়ন এবং কার্যকর প্রচারণার ফলেই

ইউরোপের এই দেশটিতে পর্যটকদের আকর্ষণ বহুগুণ বেড়েছে। গ্রিসের পর্যটন খাতের এই

অভাবনীয় অগ্রযাত্রার সংবাদটি বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে।

পোস্টটি শেয়ার করুন