দেশের জ্বালানি খাতে যুগান্তকারী এক খবরের কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রী ফকির মাহবুব আনাম। উৎপাদনের সবশেষ জটিল ধাপ পেরিয়ে আর মাত্র দুই মাসের
মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ। রোববার (২৮ জুন)
জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের
জবাবে এ তথ্য দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ
প্রকল্পটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের
পূর্ববর্তী শেষ এবং অত্যন্ত জটিল ধাপ।
মন্ত্রী এরপর বলেন, চলতি আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব
হবে।
ফকির মাহবুব আনাম বলেন, প্রথমবারের মতো পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয়
গ্রিডে যুক্ত হওয়ার এই ঘটনাটি দেশের জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
সরবরাহ এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।





