সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার শিক্ষকদের ভেতরে রেখে
একাডেমিক ভবনের বাইরে তালা দিয়ে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এসময় তাদের
গেটে মুলা ঝুঁলিয়ে রাখতে দেখা যায়। হাসপাতাল চালু ও মেডিকেল কলেজে শিক্ষকের শূন্য
পদ পূরণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ১১ তম দিনে বৃহস্পতিবার (জুলাই) বেলা ১১টা
থেকে এই কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সকালে মেডিকেল কলেজের নোটিশ বোর্ড ও বিশ্ব বিদ্যালয়ের পেইজে স্বাস্থ্য
মন্ত্রণালয়ের বুধবারের সভার কার্যবিবরণি প্রচার হলে শিক্ষার্থীররা আরও বিক্ষুব্ধ
হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে এটি ‘ফেইক’ দাবি করে স্বাস্থ্য মন্ত্রীকে সরাসরি
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার দাবি জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, এর আগেও একইভাবে আমাদের আন্দোলনকে ভিন্ন
খাতে নেবার জন্য নানাভাবে ধামাচাপা দেবার চেষ্টা হয়েছে। এবারও তাই হচ্ছে। কোন ধরণের
বিভ্রান্তিতে নিজেদের যুক্ত না করার জন্য তাদেরকে সমর্থনকারী স্থানীয় জনসাধারণসহ
সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থী সংগঠকরা।
মেডিকেলের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমদ বললেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে
কলেজের পক্ষ থেকে করা দীর্ঘ বৈঠকে সকল সমস্যা তুলে ধরা হয়। এসময় শিক্ষার্থীদের
প্রায় সকল দাবি যেমন শিক্ষক নিয়োগ দুই দফায় নয়জন প্রদান করা হয়। দুয়েক দিনের মধ্যে
হাসপাতালের পরিচালক নিয়োগ এবং ছয় সপ্তাহের মধে হাসপাতালে বহি:বিভাগ এবং অক্টোবর
থেকে অন্ত:বিভাগ চালুর ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য আরও একটি বাস দেবারও
সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শিক্ষার্থীরা এটি মানতে নারাজ। তারা তিন সপ্তাহের
মধ্যে আউটডোর এবং ছয় সপ্তাহের মধ্যে ইনডোর চালু চায়। এছাড়া স্বাস্থ্যমন্ত্রীর কাছ
থেকে সরাসরি এসব ‘রোড ম্যাপ’ জানতে চায় তারা। আমাদের অনুরোধ ছিল সবকিছুই প্রশাসনিক
নিয়ম কানুনের মধ্যে চলে, তারা এটি শুনতে নারাজ। তারা শিক্ষকদের তালাবদ্ধ রেখে ভালো
করেনি বলে মন্তব্য করেন অধ্যক্ষ।
বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে রোড ম্যাপ বাস্তবায়নে
লিখিতভাবে সুনিষ্টি কোন ধরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।
দাবি দাওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।





