বিশ্বকাপের মাঠের লড়াই যখন তুঙ্গে, তখন মাঠের বাইরে এক অনন্য মানবিক দৃষ্টান্ত
স্থাপন করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভেনেজুয়েলার ১০ বছর বয়সী এক
ক্ষুদে ভক্ত, যে ভয়াবহ ভূমিকম্পে পরিবারের সদস্যদের হারানোর পাশাপাশি নিজের একটি
পা-ও হারিয়েছে, তার মুখে হাসি ফোটালেন সিআরসেভেন।
আন্দ্রেস মিয়েলেস নামের ওই শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে
পাঞ্জা লড়ছে। শারীরিক ও মানসিক যন্ত্রণার মাঝেও তার একটি ছোট্ট ইচ্ছা
ছিল—বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য প্রিয় ফুটবলার রোনালদোর একটি স্টিকার
সংগ্রহ করা। এই খবরটি রোনালদোর কানে পৌঁছানোর পর তিনি মোটেও দেরি করেননি। নিজের
স্বাক্ষর করা একটি জার্সি, কাঙ্ক্ষিত স্টিকার এবং সেই সঙ্গে একটি আবেগঘন ভিডিও
বার্তা পাঠিয়েছেন তিনি।
সাংবাদিক গ্যাবি আরোচার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই
ঘটনার বিস্তারিত উঠে আসে। ভিডিও বার্তায় রোনালদো সরাসরি আন্দ্রেসকে উদ্দেশ্য করে
বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছো? জানি তুমি আমার অনেক বড় ভক্ত। তোমাকে অনেক
ভালোবাসা পাঠাতে এই ভিডিওটি করছি। সাহস হারিও না বন্ধু, দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি
চাই তুমি একদিন আমার খেলা দেখতে আসো, আমরা একসঙ্গে সময় কাটাব। তোমার সঙ্গে দেখা
করার অপেক্ষায় রইলাম।”
ভয়াবহ দুর্যোগে সব হারানো শিশুটি প্রিয় তারকার কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে অভিভূত।
হাসপাতালের বিছানায় শুয়েও তার মুখে ফুটে উঠেছে এক চিলতে হাসি। রোনালদোর এই উদারতা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে। এর আগেও বহুবার অসহায় ও অসুস্থ শিশুদের
পাশে দাঁড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই ফুটবল কিংবদন্তি। মাঠের খেলায়
সেরা হওয়ার পাশাপাশি মনের বিশালতায় যে তিনি কেন বিশ্বসেরা, তা আরও একবার প্রমাণ
করলেন সিআরসেভেন।





