পিরোজপুর সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও
৪৩ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের
নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মোঃ আল আমিন শেখ (২৬) এবং
মোঃ আলী হোসেন (৪০)।
পুলিশ সূত্র জানায়, পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ও এসআই
(নিঃ) রাধা রমন ভৌমিকসহ পুলিশের একটি দল গত রাতে কদমতলা বাজারে বিশেষ অভিযান
পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে হাসান ও আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ
করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং গুলি
৩০,০০০ টাকায় টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের একটি দল আলী
হোসেনের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় গ্রাম পুলিশ ও জনসাধারণের উপস্থিতিতে আলী
হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার বসতবাড়ি থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি
ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এই অভিযানের বিষয়ে শুক্রবার বেলা ১২:৩০ মিনিটে পিরোজপুর সদর থানা কার্যালয়ে আয়োজিত
এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী সাংবাদিকদের এই
তথ্য প্রদান করেন। ব্রিফিংয়ে তিনি জানান, জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও অবৈধ
অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে এবং জেলাকে নিরাপদ রাখতে এ
ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পিরোজপুর জেলা পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আলী হোসেন ও আল আমিন শেখের
বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ১৮৭৮
সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯-A ও ১৯-F ধারায় নিয়মিত মামলা রুজু করা
হয়েছে এবং বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





