অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের অভিষেক হলো ১৫ বছর বয়সী তরুণ প্রতিভা বৈভব
সূর্যবংশীর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে তাঁকে
নিয়েই মাঠে নেমেছিল ভারত। এদিন উদীয়মান এই ক্রিকেটারকে জায়গা করে দিতে একাদশ থেকে
বাদ পড়তে হয়েছে অভিজ্ঞ ব্যাটার স্যাঞ্জু স্যামসনকে।
মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন বৈভব। এর
মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের গড়া ১৬ বছর ২০৫
দিনের অভিষেকের দীর্ঘদিনের রেকর্ড। ফলে ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে
আন্তর্জাতিক অভিষেকের রেকর্ডটি এখন শুধুই বৈভবের দখলে।
তবে নিজের অভিষেক ম্যাচটি ব্যাট হাতে খুব একটা রাঙাতে পারেননি এই তরুণ। মাত্র ১৭
রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
বৈভবের এমন ঐতিহাসিক অভিষেক নিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার
বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘গত কয়েক মাসে ওর খেলা সবাই দেখেছেন।
দারুণ আত্মবিশ্বাসের সাথে সে বোলারদের ওপর চড়াও হয়েছে। আমরা তাকে কোনো চাপে পড়ে
খেলাচ্ছি এমনটি নয়।’
তরুণ এই ক্রিকেটারের মেধার প্রশংসা করে শ্রেয়াস আরও যোগ করেন, ‘সে এই একাদশে
পুরোপুরি জায়গা পাওয়ার যোগ্য। সে একদমই চাপ নেয় না। তাকে দলে পেয়ে ভালো লাগছে।
নেটে ওর ব্যাটিংই বলে দেয় ও কেমন। বর্তমানে দলে জায়গা পাওয়ার জন্য তুমুল লড়াই
চলছে। গত দুই বছরে ভারত এতটাই মেধার দেখা পেয়েছে যা সত্যিই অভাবনীয়।’





