ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের
প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩
নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত
করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি
উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মৌসুমি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও
পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও
আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্রবন্দরসমূহ, উত্তর
বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার
সম্ভাবনা রয়েছে।
সার্বিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩
নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত
সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে
এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।





