, ,

এআই বাজারের জোয়ারে এসকে হাইনিক্সের ২৮ বিলিয়ন ডলারের রেকর্ড শেয়ার ইস্যু

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক জোয়ারকে কাজে লাগিয়ে মার্কিন শেয়ার

বাজার ন্যাসড্যাকে (Nasdaq) এক বিশাল শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ

কোরিয়ার শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স (SK Hynix)। এই

প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ২৮.০৭ বিলিয়ন ডলার (৪৩ ট্রিলিয়ন উওন)

সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহত্তম নতুন

শেয়ার বিক্রির ঘটনা হতে যাচ্ছে।

রেগুলেটরি ফাইলিং অনুযায়ী, এসকে হাইনিক্স ন্যাসড্যাকে মোট ১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার

নতুন শেয়ার ‘আমেরিকান ডিপোজিটরি রিসিট’ (ADR) হিসেবে বিক্রি করবে। এখানে ১০টি এডিআর

একটি সাধারণ শেয়ারের সমান বলে গণ্য হবে। সোমবার শেয়ার বিক্রির ঘোষণা আসার পরপরই বড়

বড় বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। বেইলি গিফোর্ড ওভারসিজ এবং

কোটু ম্যানেজমেন্টের মতো প্রভাবশালী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ‌্যে প্রায় ৭

বিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, এসকে হাইনিক্সের এই উদ্যোগটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম

শেয়ার বিক্রয় হতে যাচ্ছে। এটি সৌদি আরামকোর ২০১৯ সালের ২৫.৬ বিলিয়ন ডলার এবং

আলিবাবার ২০১৪ সালের রেকর্ড আইপিও-কেও ছাড়িয়ে যাবে। এর আগে গত মাসে কেবল ইলন

মাস্কের স্পেসএক্স (SpaceX) ৮৫.৭ বিলিয়ন ডলারের রেকর্ড শেয়ার বিক্রির ঘোষণা

দিয়েছিল। এসকে হাইনিক্স বর্তমানে এনভিডিয়া (Nvidia) এবং গুগলের মতো জায়ান্টদের

হাই-ব্যান্ডউইথ মেমোরি চিপ সরবরাহের প্রধান অংশীদার, যা তাদের এই বিশাল বিনিয়োগ

আকর্ষণে সহায়তা করছে।

এসকে হাইনিক্স জানিয়েছে, ন্যাসড্যাক থেকে সংগৃহীত এই বিপুল অর্থ দক্ষিণ কোরিয়ায়

নতুন চিপ কারখানা নির্মাণ এবং ডাচ প্রতিষ্ঠান এএসএমএল (ASML) থেকে আধুনিক চিপ তৈরির

অত্যাধুনিক যন্ত্রপাতি (EUV scanner) কেনার কাজে ব্যয় করা হবে। মূলত বিশ্বজুড়ে

মেমোরি চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা বাড়ানোই প্রতিষ্ঠানটির মূল

লক্ষ্য। এই লিস্টিংয়ের ফলে মার্কিন বিনিয়োগকারীদের জন্য সরাসরি এসকে হাইনিক্সের

শেয়ার কেনা সহজ হবে, যা প্রতিষ্ঠানটির বাজারমূল্য আরও বাড়িয়ে দেবে।

দক্ষিণ কোরিয়ার সরকার সম্প্রতি সেমিকন্ডাক্টর ও এআই খাতের উন্নয়নের জন্য ৫৭৬ বিলিয়ন

ডলারের একটি বিশাল বিনিয়োগ কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে এসকে হাইনিক্স ও স্যামসাং

মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ন্যাসড্যাকে এই শেয়ারের চূড়ান্ত বিক্রয়মূল্য

বৃহস্পতিবার নির্ধারণ করা হবে এবং শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু হওয়ার

কথা রয়েছে। এই উদ্যোগ সফল হলে বৈশ্বিক চিপ বাজারে এসকে হাইনিক্সের অবস্থান আরও

সুসংহত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পোস্টটি শেয়ার করুন