, ,

৫০ কোটি বিক্রির ইতিহাস গড়ে নতুন সিরিজ আনছে রেডমি

স্মার্টফোনের বিশ্ববাজারে বিক্রির নতুন এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে শাওমির

জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমির ‘নোট’ সিরিজ। গত ১২ বছরে বিশ্বজুড়ে এই সিরিজের ৫০

কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এই বিশাল সাফল্যের উদযাপনের মধ্যেই

প্রতিষ্ঠানটি চলতি মাসে নতুন ‘রেডমি নোট ১৭’ সিরিজ বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা

দিয়েছে।

শাওমি জানায়, ২০১৪ সালে প্রথম রেডমি নোট বাজারে আসার পর থেকে গড়ে প্রতি বছর ৪ কোটির

বেশি হ্যান্ডসেট বিক্রি হয়েছে। মূলত সাশ্রয়ী মূল্যে উন্নত ডিসপ্লে, শক্তিশালী

ব্যাটারি এবং আধুনিক সব ফিচারের সমন্বয়ে মধ্যম বাজেটের গ্রাহকদের মন জয় করতেই এই

সিরিজটি সফল হয়েছে। একটি চাঞ্চল্যকর তথ্য হিসেবে জানানো হয়েছে যে, রেডমি এবার ‘নোট

১৬’ সিরিজটি এড়িয়ে সরাসরি ‘নোট ১৭’ সিরিজ বাজারে আনছে। শাওমির মূল ফ্ল্যাগশিপ ১৭

সিরিজের নামকরণের সঙ্গে মিল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও নতুন সিরিজের স্পেসিফিকেশন নিয়ে রেডমি এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি, তবে

প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই সিরিজে তিনটি মডেল থাকতে পারে—রেডমি নোট ১৭, ১৭ প্রো

এবং ১৭ প্রো ম্যাক্স। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বেজ মডেলটিতে স্ন্যাপড্রাগন ৬এস জেন

৪ প্রসেসর এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। অন্যদিকে, প্রো মডেলে ৯

হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

সিরিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ ‘নোট ১৭ প্রো ম্যাক্স’ নিয়ে প্রযুক্তি বিশ্বে

ব্যাপক তোলপাড় চলছে। ধারণা করা হচ্ছে, এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৫০০ প্রসেসরের

পাশাপাশি ১০ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি এবং ২০০ মেগাপিক্সেলের

শক্তিশালী ক্যামেরা থাকবে। এছাড়া সবকটি মডেলেই ১.৫কে ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে এবং

পানি প্রতিরোধী সুবিধা থাকতে পারে। চলতি মাসের শেষ নাগাদ এই সিরিজের আনুষ্ঠানিক

উন্মোচনের তারিখ ঘোষণা করা হতে পারে।

পোস্টটি শেয়ার করুন