, ,

ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবের

৮৩তম আসরে আজীবন সম্মাননা বা ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পাচ্ছেন

হলিউডের দাপুটে অভিনেতা জর্জ ক্লুনি। উৎসব কর্তৃপক্ষের এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার

এই প্রাপ্তির কথা নিশ্চিত করা হয়েছে। অতীত হলিউড তারকাদের জৌলুস, পেশাদারিত্ব এবং

আধুনিক সংবেদনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে এই খ্যাতিমান অভিনেতাকে সম্মানজনক এই

পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, জর্জ ক্লুনি অত্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী একজন শিল্পী,

যিনি ‘থ্রি কিংস’, ‘সিরিয়ানা’, ‘মাইকেল ক্লাইটন’ এবং ‘ওশানস ইলেভেন’-এর মতো ভিন্ন

ভিন্ন ঘরানার চলচ্চিত্রে নিজের দারুণ দক্ষতা প্রমাণ করেছেন। তিনি প্রতিটি ছবিতেই

নিজের স্বকীয়তা বজায় রেখে গল্পের সঙ্গে মানানসই অভিনয় উপহার দিয়েছেন। ভেনিস

উৎসবের পরিচালক আলবার্তো বারবারাও এই তারকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, অভিনেতা,

পরিচালক ও প্রযোজক—এই তিন ভূমিকাতেই ক্লুনি একজন পূর্ণাঙ্গ ও অসাধারণ ক্যারিশমাটিক

শিল্পী, যিনি গভীর নিষ্ঠার সঙ্গে সমসাময়িক চলচ্চিত্রে এক উজ্জ্বল ক্যারিয়ার গড়ে

তুলেছেন।

আজীবন সম্মাননা পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে জর্জ ক্লুনি জানিয়েছেন, ভেনিস তার

সবচেয়ে প্রিয় চলচ্চিত্র উৎসব এবং এখান থেকে এমন একটি স্বীকৃতি পাওয়া তার জন্য বিরাট

সম্মানের। তবে মজার ছলে তিনি এও বলেন যে, এই পুরস্কার প্রাপ্তি হয়তো প্রমাণ করে

তিনি এখন বুড়ো হয়ে গেছেন, তবে এই সম্মান তিনি সানন্দে গ্রহণ করছেন। উল্লেখ্য, জর্জ

ক্লুনি বিশ্বের সেই বিরল তারকাদের একজন, যিনি সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা,

পার্শ্ব অভিনেতা, মৌলিক চিত্রনাট্য এবং অভিযোজিত চিত্রনাট্যসহ অস্কারের ছয়টি ভিন্ন

বিভাগে মনোনয়ন পাওয়ার অনন্য কীর্তি গড়েছেন, যা তিনি ছাড়া বিশ্বের আর মাত্র দুজনের

রয়েছে।

পোস্টটি শেয়ার করুন