, ,

মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন

মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত

করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি

বলেন, ‘অতীতের মেধাহীন বাংলাদেশ থেকে বেরিয়ে এসে নতুনভাবে মানবিক মূল্যবোধের

ভিত্তিতে দেশের নিরাপত্তা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার

নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলমান বন্যা পরিস্থিতি ও সরকারের দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর

উপদেষ্টা বলেন, ‘সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে চলমান দুর্যোগে বিভিন্ন জায়গায়

প্রাণহানির ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের

প্রধানমন্ত্রী এই পরিস্থিতি অত্যন্ত দৃঢ়তার সাথে তদারকি করছেন। দুর্গত মানুষের পাশে

থাকতে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ পুরো রাষ্ট্রযন্ত্রকে নির্দেশ দিয়েছেন।’

তিনি চলমান ত্রাণ কার্যক্রমের তথ্য তুলে ধরে জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত স্বল্প

সময়ের মধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। কক্সবাজার, চট্টগ্রাম,

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই পাঁচ জেলায় ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু

করা হয়েছে, যেখানে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া

দুর্গতদের মাঝে ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্র পরিচালনায় থাকা দল

বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্গত

এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী

এবং যেখানে প্রয়োজন সেখানে সেনাবাহিনী একযোগে নিরলসভাবে কাজ করছে।’

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান প্রসঙ্গে তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন,

‘শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশের কান্ডারি হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে

সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে। সারাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষকদের

সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাবেক শিক্ষার্থীদের জন্য ব্যবসা-বাণিজ্য সহজীকরণসহ স্বল্প

সুদে ঋণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয়তাবাদী আদর্শ, গণতান্ত্রিক

মূল্যবোধ এবং দেশপ্রেম ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে

নির্বাচিত সরকারের হাতকে শক্তিশালী করি এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক

সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এই বাংলাদেশকে একসাথে

গড়ে তুলি।’

পোস্টটি শেয়ার করুন