, ,

বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

ভিসা নিয়ে বাংলাদেশসহ সাতটি দেশের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটি

জানিয়েছে, নতুন চালু করা সমন্বিত ভ্রমণ প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে সাতটি

দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে সৌদি আরবে ভ্রমণ আরও সহজ হবে।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রাথমিকভাবে সদ্য চালু হওয়া ভিসা প্যাকেজ

কর্মসূচির জন্য সাতটি দেশকে নির্বাচন করেছে। এসব দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায়

একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।

প্রাথমিক পর্যায়ে মিসর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং

মেক্সিকোর নাগরিকদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়

জানিয়েছে, ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের জন্য এ সেবা চালু করা হবে।

এই কর্মসূচির আওতায় ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো ভ্রমণের

ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে

থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে

ভিসার আবেদন জমা দেওয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা

হবে। ভ্রমণকারীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ইমেইলে তাদের ভিসা,

ভ্রমণ বিমা এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত রিজারভাল ও আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সি

এ পরিষেবা প্রদানের অনুমতি পেয়েছে। ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার

প্রবেশ করা যাবে এবং দুই দিন থেকে ৮৮ দিন পর্যন্ত থাকার অনুমতি থাকবে।

গালফ নিউজ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য

৪ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার

সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে

৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

ভ্রমণকারীরা তাদের বুকিংয়ের সঙ্গে ইভেন্টের টিকিট এবং বিনোদনমূলক অভিজ্ঞতার মতো

ঐচ্ছিক পরিষেবাও যুক্ত করতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যাকেজগুলোতে মক্কা

ও মদিনায় উমরাহ-সম্পর্কিত কোনো পরিষেবা বা ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। তবে ভিসাধারীরা

সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অর্থ ফেরত এবং

বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী

নিষ্পত্তি করা হবে। পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কর্মসূচিটি আরও উন্নত

করার পাশাপাশি এর আওতায় দেশের তালিকাও সম্প্রসারণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন