, ,

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ হলেন সামানজার সাঈদ

বাংলাদেশের শোবিজ অঙ্গন পেল নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। রাজধানীর একটি পাঁচ

তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর

গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে এবারের বিজয়ী হিসেবে সামানজার সাঈদের মাথায় মুকুট

পরিয়ে দেওয়া হয়। এই বিজয়ের মাধ্যমে আসন্ন ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায়

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

এবারের প্রতিযোগিতায় দীর্ঘ বাছাই প্রক্রিয়া ও বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড

ফিনালেতে জায়গা করে নিয়েছিলেন সেরা পাঁচ প্রতিযোগী। তারা হলেন আয়শা রহমান,

যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী। অনুষ্ঠানে একে

একে তারা চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সেখান থেকেই মেধা ও সৌন্দর্যের

ভিত্তিতে বেছে নেওয়া হয় চূড়ান্ত বিজয়ীকে। এবারের আসরে প্রথম রানারআপ নির্বাচিত

হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।

প্রতিযোগিতার এই আসরে বিচারকের দায়িত্ব পালন করেছেন শোবিজ ও লাইফস্টাইল জগতের

পরিচিত মুখেরা। বিচারকমণ্ডলীতে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার

শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা এবং ‘মিস ইন্টারন্যাশনাল

বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম। তাদের পাশাপাশি বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন

‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান এবং

ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী।

গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনির শুরুতে বক্তব্য রাখেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট

ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা

মাহমুদ। তিনি জানান, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের

উদ্দেশ্যে তাদের যে যাত্রা শুরু হয়েছিল, তা সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে

মডেলিংয়ের ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে, যেখান থেকে অনেকেই এখন দারুণ কাজ করছেন।

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হতে যাচ্ছে বিশ্বসুন্দরী

প্রতিযোগিতার মূল আসর ‘মিস ওয়ার্ল্ড’। নানা ধাপ পেরিয়ে আগামী ৫ সেপ্টেম্বর

অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

পোস্টটি শেয়ার করুন