, ,

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের দিনে হারল এমআই নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দীর্ঘদিন পর ব্যাটে-বলে নিজের চেনা

ছন্দে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার এই নৈপুণ্যের দিনে

ওয়াশিংটন ফ্রিডমের কাছে হেরে গেছে তার দল এমআই নিউইয়র্ক। এই ম্যাচে পরাজয়ের স্বাদ

পেলেও লিগ পর্বে নিজেদের ১০ ম্যাচে ৫টি জয় ও ৫টি হারের মাধ্যমে প্লে-অফে নিজেদের

জায়গা নিশ্চিত করেছে নিউইয়র্ক।

এদিন এমআই নিউইয়র্কের হয়ে শেষদিকে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখান সাকিব। ইনিংসের ১৭তম

ওভারে ক্রিজে এসেই রাচিন রবীন্দ্রকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন

তিনি। আউট হওয়ার আগে ১৩ বল মোকাবিলা করে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৮ রানের

একটি কার্যকর ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে বোলিংয়ে এসেও শুরুতেই

সাফল্য পান তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই অজি ব্যাটার

মিচেল ওয়েনকে সাজঘরে ফেরান সাকিব। তাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ওয়েন। সব

মিলিয়ে ৩ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন এই তারকা।

এমআই নিউইয়র্কের দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম শুরুতে

দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। তবে রাচিন রবীন্দ্র ও আন্দ্রেস গুসের ব্যাটে

দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেট জুটিতে ৬৮ বলে ১১৬ রানের বিশাল

পার্টনারশিপ গড়েন এই দুজন। মাত্র ৩০ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাচিন।

অন্যদিকে, ৫৪ বলে ৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৯৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন

গুস। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ৫ বল খেলে অপরাজিত ১২ রান করলে ৯ বল হাতে রেখেই জয়ের

বন্দরে পৌঁছে যায় ওয়াশিংটন।

চলমান এই আসরে এটি ছিল সাকিব আল হাসানের তৃতীয় ম্যাচ। এর আগের দুই ম্যাচে সিয়াটল

ওর্কাস ও সানফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৫ ও

১ রান। এই তিনটি ম্যাচের মধ্যে কেবল সিয়াটলের বিপক্ষেই প্রথম ও একমাত্র জয়ের দেখা

পেয়েছিল সাকিবের দল এমআই নিউইয়র্ক।

পোস্টটি শেয়ার করুন