হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং ‘জুরাসিক পার্ক’খ্যাত তারকা স্যাম নিল আর নেই। সোমবার
(১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৮ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এই
কিংবদন্তি অভিনেতার মৃত্যুর খবরটি তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক
পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
পরিবারের পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় জানানো হয়েছে, জীবনের শেষ মুহূর্তগুলোতে স্যাম
নিল তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন এবং অত্যন্ত মর্যাদার সঙ্গে তিনি পৃথিবী
থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই মৃত্যু আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও, তিনি
ক্যানসারমুক্ত অবস্থাতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে
সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবার
প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর পরিবার। পরবর্তীতে তাঁর শেষকৃত্যসহ
অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে উল্লেখ করে আপাতত শোকসন্তপ্ত পরিবারের
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানানো হয়েছে।
এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল প্রকাশ করেছিলেন যে, আগের বছর অর্থাৎ ২০২২
সালে তাঁর অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা ধরা পড়েছিল। অসুস্থতার মধ্যেও
তিনি জীবন, বার্ধক্য এবং মৃত্যু নিয়ে সবসময় খোলামেলা কথা বলেছেন। ২০২৩ সালের
অক্টোবরে ‘অস্ট্রেলিয়ান স্টোরি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
তিনি মৃত্যুকে ভয় পান না। তবে মৃত্যুর বিষয়টি তাঁর কাছে বেশ বিরক্তিকর, কারণ তাঁর
এখনও অনেক কাজ বাকি এবং অনেক কিছু করার প্রবল ইচ্ছা রয়েছে।
পাঁচ দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিনয়জীবনে স্যাম নিল নিজেকে আন্তর্জাতিক
চলচ্চিত্রে একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭৯ সালের ‘মাই
ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’, ১৯৮৯ সালের ‘ডেড ক্যাল্ম’ এবং ১৯৯৩ সালের ‘দ্য পিয়ানো’
চলচ্চিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হন। তবে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত
‘জুরাসিক পার্ক’ সিরিজে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বজুড়ে বিপুল
জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন দ্য মাউথ অব
ম্যাডনেস’-এর মতো আলোচিত চলচ্চিত্র এবং ‘পিকি ব্লাইন্ডার্স’ ও ‘দ্য টিউডরস’-এর মতো
প্রশংসিত টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। সবশেষ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক
ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ চলচ্চিত্রে আবারও আইকনিক ড. অ্যালান গ্রান্ট চরিত্রে ফিরে
দর্শকদের নস্টালজিক করে তুলেছিলেন এই কিংবদন্তি।





