বলিউডে এক নতুন ট্রেন্ডের সূচনা হতে যাচ্ছে, যেখানে রোমান্স ও মারকুটে অ্যাকশন ছেড়ে
এবার ‘জম্বি’ থ্রিলারে মেতে উঠবে সিনেপাড়া। আগামী বছরগুলোতে একাধিক জম্বি সিনেমা
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে
ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই নতুন ধারার সিনেমার মাধ্যমে বক্স অফিসে সরাসরি লড়াইয়ে
নামতে যাচ্ছেন বলিউডের প্রথম সারির তারকা রণবীর সিং ও কার্তিক আরিয়ান।
রণবীর সিং তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের পর এবার
‘প্রলয়’ নামক একটি জম্বি থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন। নোবেলজয়ী লেখক জোসে সারামাগোর
‘ব্লাইন্ডনেস’ উপন্যাস অবলম্বনে এবং জয় মেহতার পরিচালনায় নির্মিত এই সিনেমাটি নিয়ে
ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। তবে রণবীরকে কড়া টক্কর দিতে প্রস্তুত কার্তিক আরিয়ান।
পরিচালক বিষ্ণুবর্ধনের পরিচালনায় কার্তিকের একটি নাম ঠিক না হওয়া জম্বি সিনেমা ২০২৭
সালের শুরুর দিকেই মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। ডেকান ক্রনিকলের তথ্যমতে,
কার্তিকের এই প্রজেক্টের শুটিং আগামী মাসেই শুরু হবে, যা রণবীরের ‘প্রলয়’-এর আগেই
পর্দায় ঝড় তুলতে পারে।
কেবল রণবীর বা কার্তিকই নন, জম্বি জ্বরে আক্রান্ত বলিউডের আরও বেশ কয়েকজন তারকা।
আহমেদ খানের পরিচালনায় একটি জম্বি-কমেডিতে দেখা যাবে অ্যাকশন হিরো টাইগার শ্রফকে।
এছাড়া তেলেগু ব্লকবাস্টার ‘জম্বি রেড্ডি’-র সিক্যুয়েল নিয়ে আসছেন তেজা সাজ্জা ও
শানায়া কাপুর। উল্লেখ্য যে, ২০১৩ সালে সাইফ আলী খানের ‘গো গোয়া গন’ এবং পরবর্তীতে
নেটফ্লিক্সের ‘বেতাল’ দিয়ে ভারতের দর্শকরা প্রথম জম্বি ঘরানার সাথে পরিচিত
হয়েছিলেন। তবে বর্তমানে কোরিয়ান ও হলিউড জম্বি কনটেন্টের প্রভাবে দর্শকদের রুচিতে
ব্যাপক পরিবর্তন এসেছে।
নির্মাতাদের মতে, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই সিনেমাগুলোর মান হতে হবে
আন্তর্জাতিক পর্যায়ের। জম্বি ঘরানার এই মহাযুদ্ধে দর্শক কার অভিনীত সিনেমাকে সেরা
হিসেবে বেছে নেবেন—রণবীর, কার্তিক নাকি টাইগার—তা সময়ই বলে দেবে। বলিউডে এই নতুন
নিরীক্ষা সিনেমার বাজারকে কতটা সমৃদ্ধ করতে পারে।





