ভারতের পশ্চিমবঙ্গের দাপুটে ও জনপ্রিয় দুই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং সব্যসাচী
চক্রবর্তীকে এবার পর্দায় একে অপরের মুখোমুখি লড়তে দেখা যাবে। দুই প্রজন্মের এই দুই
গুণী শিল্পী নিজ নিজ অভিনয় দক্ষতায় খ্যাতি অর্জন করলেও, এবার কোর্টরুমে তাদের
সেয়ানে সেয়ানে টক্কর দেখার সুযোগ পাবেন দর্শকরা। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জনপ্রিয়
ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর আসন্ন তৃতীয় সিজনে এই দুই অভিনেতার আইনি
লড়াইয়ের দৃশ্য ফুটে উঠবে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় নির্মিত বহুল প্রতীক্ষিত এই
সিরিজটি আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো
কোর্টরুমে যুক্তিতর্কের ঝড় তুলবেন তারা।
নতুন এই সিজনের গল্প আবর্তিত হয়েছে নীল রায় বর্মন নামের এক ধনী ব্যবসায়ীর রহস্যময়
গাড়ি দুর্ঘটনা ও তার মৃত্যুকে কেন্দ্র করে। নীলের মৃত্যুর পর তার স্ত্রী দেবযানী
বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেও, শেষকৃত্যের দিনই
ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। নীলের মতো দেখতে অবিকল এক ব্যক্তি হঠাৎ ফিরে এসে দাবি
করেন যে, মর্গে মৃতদেহ বদলের মতো বড় ধরনের ভুল হয়েছিল এবং ভুল ব্যক্তির দেহই দাহ
করা হয়েছে। এই ঘটনার পর নীলের পরিবারে চরম অস্থিরতা শুরু হয় এবং তার মা শ্রাবণী
বিশ্বাস করতে শুরু করেন যে ফিরে আসা ব্যক্তিই তার আসল ছেলে। কিন্তু স্ত্রী দেবযানীর
দাবি, ওই ব্যক্তি একজন প্রতারক ছাড়া আর কিছুই নয়।
সত্যি ঘটনা সবার সামনে তুলে আনতে স্ত্রী দেবযানী শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন
এবং এই চাঞ্চল্যকর মামলার দায়িত্ব পান আইনজীবী অচিন্ত্য আইচ। তদন্তের কাজ যতই
সামনের দিকে এগোতে থাকে, ততই লোভ, ব্ল্যাকমেইল, খুন এবং বহু বছর ধরে লুকিয়ে রাখা
পারিবারিক নানা চাঞ্চল্যকর গোপন রহস্য উন্মোচিত হতে শুরু করে। সিরিজটিতে অভিনয়
প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী জানান, সব্যসাচী চক্রবর্তীর মতো একজন প্রবীণ ও গুণী
অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়া তার জন্য এক বিশেষ ও স্মরণীয় অভিজ্ঞতা। তার
মতে, দর্শকরা এবারের পর্বে অচিন্ত্য আইচের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং জটিল একটি
মামলার সাক্ষী হতে চলেছেন, যেখানে অনেক মেধাবী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ
পেয়েছেন তিনি।
অন্যদিকে, এই সিরিজে অচিন্ত্য আইচের প্রতিদ্বন্দ্বী আইনজীবী হিসেবে দিগ্বিজয়
চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। নিজের চরিত্রটি নিয়ে তিনি জানান,
দিগ্বিজয় মূলত একজন অত্যন্ত বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ আইনজীবী, যা তার
দারুণভাবে পছন্দ হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সঙ্গে এটি তার প্রথম কাজ হওয়ায়
এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তিনি বেশ উপভোগ করেছেন।
ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার আইনি লড়াইয়ের দৃশ্যগুলো দর্শকদের কাছে দারুণ উপভোগ্য
হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সব্যসাচী ও ঋত্বিক ছাড়াও টানটান উত্তেজনার এই
ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী, ইশা সাহা এবং অভিষেক বসুসহ আরও
অনেকে।





