, ,

সড়ক নিরাপত্তা নিশ্চিতে ২০২৭ সালের মধ্যে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার

দেশের সড়কগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনতে জাতিসংঘ সমর্থিত ‘সেফ সিস্টেম

অ্যাপ্রোচ’ বা নিরাপদ সড়ক কাঠামোর ওপর ভিত্তি করে একটি নতুন আইন তৈরির কাজ শুরু

করেছে সরকার। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত

সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব

প্রদানকালে এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি

জানান, ২০৩০ সাল পর্যন্ত গৃহীত বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনার সাথে তাল

মিলিয়ে দেশীয় আইনি, নীতিগত ও প্রযুক্তিগত কাঠামো সংস্কার করা হচ্ছে। বিশেষ করে

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনা-পরবর্তী দ্রুত

উদ্ধার কার্যক্রম এবং মহাসড়কে পথচারীদের সুরক্ষা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া

হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর বক্তব্যে আইনি সংস্কারের সময়সীমা উল্লেখ করে বলেন,

‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের

ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে

সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সড়ক নিরাপত্তাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ রাজনৈতিক

অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা

অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারত্ব এবং সবার সম্মিলিত দায়বদ্ধতা

অপরিহার্য। নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক

মহলের সাথে বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করে যাবে বলে তিনি সভায় পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ

জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের এই অঙ্গীকার দুর্ঘটনা নিরসনে একটি যুগান্তকারী

পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার আশা করছে, প্রস্তাবিত আইনটি বাস্তবায়িত হলে

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু

উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

পোস্টটি শেয়ার করুন