নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সকাভেটর দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের
জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার (২০
মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার
বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ওসমান
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক
সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা তিনি।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ওসমানের স্বজন ও
দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।
হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব
রমজান আলীর সঙ্গে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে তার লোকজন ওসমানের
ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ওসমানকে উদ্ধার করে
আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার
আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন
জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায়
চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে
অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে
পুলিশ।





