শনিবার, ৬ই জুন, ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন কারিশমা কাপুর

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন ‘ব্রাউন’ নামক

একটি নতুন ওয়েব সিরিজের মাধ্যমে। তবে এই সিরিজে অভিনয়ের যাত্রাটি তার জন্য খুব সহজ

ছিল না। কারিশমা জানান, শুরুতে এই সিরিজের প্রস্তাবটি তিনি সরাসরি ফিরিয়ে

দিয়েছিলেন। কলকাতায় টানা ৫০ থেকে ৬০ দিনব্যাপী শুটিংয়ের কথা শুনে তিনি অনাগ্রহ

প্রকাশ করলেও নির্মাতাদের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত চিত্রনাট্য শোনেন। রিতা চরিত্রের

গভীরতা ও জটিলতা অনুধাবন করার পর তিনি আর ‘না’ বলতে পারেননি। ভ্যারাইটি ইন্ডিয়া

সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিরিজটিতে রিতা চরিত্রটিকে কোনো প্রকার গ্ল্যামার ছাড়াই উপস্থাপন করা হয়েছে।

কারিশমা জানান, রিতার হাঁটাচলার ধরণ থেকে শুরু করে মেকআপহীন চেহারা এবং অতিরিক্ত

ধূমপানের প্রভাবে ঠোঁটের বর্ণ পরিবর্তন হয়ে যাওয়া—সবকিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা

হয়েছে। কারিশমার মতে, বর্তমানে বিশ্বজুড়ে গল্প বলার ধরণ পাল্টাচ্ছে এবং পর্দায়

নারীদের কেবল প্রথাগতভাবে না দেখিয়ে তাদের জীবনের বাস্তব চড়াই-উতরাই ও বহুমাত্রিক

রূপ ফুটিয়ে তোলা হচ্ছে। রিতা চরিত্রটি তার বাস্তব জীবনের ব্যক্তিত্ব থেকে সম্পূর্ণ

আলাদা হওয়ায় তিনি এই কাজে বাড়তি আকর্ষণ বোধ করেছেন।

কারিশমা কাপুরের ঝুলিতে যেমন ‘বিবি নং ১’ বা ‘রাজা হিন্দুস্তানি’র মতো সুপারহিট

বাণিজ্যিক সিনেমা রয়েছে, তেমনি ‘ফিজা’, ‘জুবাইদা’ ও ‘শক্তি’র মতো ভিন্নধর্মী ও

শক্তিশালী চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে। তিনি এই ধারণার সাথে একমত নন যে

কেবল ওটিটি প্ল্যাটফর্মের উত্থানের কারণেই নারীদের জন্য শক্তিশালী চরিত্র লেখা

হচ্ছে। তিনি বলেন, “আমরা বলতে পারি না যে আগে হিন্দি সিনেমায় শক্তিশালী চরিত্র ছিল

না। ‘মাদার ইন্ডিয়া’ থেকে শুরু করে প্রতিটি দশকেই এমন কালজয়ী চরিত্র তৈরি হয়েছে।”

তিনি আরও যোগ করেন যে, ২০০০-এর দশকে তার অভিনীত ‘ফিজা’ বা ‘শক্তি’র চরিত্রগুলোও নিজ

নিজ প্রেক্ষাপটে অত্যন্ত দৃঢ় ছিল। তবে ওটিটি প্ল্যাটফর্ম আসার ফলে এখন মানুষের

ভেতরের ভিন্ন ও জটিল মনস্তাত্ত্বিক দিকগুলো আরও গভীরভাবে অন্বেষণ করার সুযোগ তৈরি

হয়েছে। ‘ব্রাউন’ সিরিজে কারিশমার এই নতুন রূপ দেখার জন্য তার ভক্তরা অধীর আগ্রহে

অপেক্ষা করছেন।

পোস্টটি শেয়ার করুন