কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি
প্রবাসীর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দরে এসে পৌঁছায়।
গত ২১ জুন (রোববার) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এই
প্রবাসীরা। তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলেই ছয়জনের
মৃত্যু হয়, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক। অন্য নিহত ব্যক্তিটি ছিলেন
ভারতীয় বংশোদ্ভূত। মর্মান্তিক এই ঘটনার পর থেকে মরদেহগুলো কাতারের একটি স্থানীয়
হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল।
নিহত পাঁচ বাংলাদেশির সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা হলেন— গাছবাড়ী
গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ,
আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫
মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো দেশের
উদ্দেশে পাঠানো হয়। মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ
করে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহযোগিতায়
এসব প্রবাসীর মরদেহ স্বদেশে ফিরিয়ে আনার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।





