পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারী ও
শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্থানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার
পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খানে প্রাদেশিক সীমান্ত অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে
বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
পুলিশ জানিয়েছে, ঝোবের দানাসার এলাকায় বাসটির ব্রেক ফেল করলে সেটি নিয়ন্ত্রণ
হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ঝোব জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদন অনুসারে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক
উপদেষ্টা শহীদ রিন্দ নিহতের সংখ্যা ৪০ জন বলে নিশ্চিত করেছেন। তিনি জানান,
দুর্ঘটনাটি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে।
রিন্দ বলেন, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সরকারের উদ্ধারকারী দল যৌথভাবে
উদ্ধার অভিযান চালাচ্ছে। এ কাজে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
(পিডিএমএ), স্বাস্থ্য বিভাগ, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য
সংস্থাকে মোতায়েন করা হয়েছে। দ্রুত সহায়তার জন্য তিনি খাইবার পাখতুনখোয়া
সরকারকে ধন্যবাদ জানান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। এর আগে বিকল
হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীরাও এই বাসে উঠে যাত্রা করছিলেন বলে জানান শহীদ
রিন্দ।
তিনি বলেন, দুর্ঘটনার সঠিক কারণ জানতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত
করছেন। নিহতদের পরিচয় শনাক্ত এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার কাজও চলছে।
পূর্ণাঙ্গ তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ
করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তিকামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা
নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর
প্রতি সমবেদনা জানান।





